এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মাঠে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে হংকং, চীনের হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড বোমা ফাটিয়েছিলেন হামজাকে নিয়ে। অ্যাশলেকে জিজ্ঞাসা করা হয়, হামজা চৌধুরী যদি হংকং, চায়না দলে থাকতেন তবে তাকে কোন পজিশনে খেলাতেন তিনি? উত্তরে তিনি বলেছিলেন, ‘বেঞ্চে বসিয়ে রাখতাম।'
ওই ম্যাচে ফ্রিকিক থেকে দারুণ গোলে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন হামজা। এর পর দুই গোলে পিছিয়ে থাকার পরও শেষ মিনিটে ৩-৩ সমতায় ফিরেছিল বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ ম্যাচ হারলেও পুরো সময় অনবদ্য ছিলেন ইংলিশ লেস্টার সিটির হয়ে খেলা হামজা।
কাল আরেকবার হামজার মুখোমুখি হবেন ওয়েস্টউড। এবার হামজা সম্পর্কে তার মনোভাব কি বদলেছে? উত্তরে ওয়েস্টউড বলেন, ‘না, আমি আমার মত বদলাইনি। আমি যখন কথাটা বলেছিলাম, তখন হাসছিলাম। আমি নিশ্চিত, সেও কিছু কথা বলেছিল, হাসতে হাসতেই। আমাদের মধ্যে ইংলিশ রসবোধ আছে, একটু বুদ্ধিদীপ্ত ঠাট্টাও থাকে, পরিস্কার বোঝা যাচ্ছিল যে কথাটা মজা করেই বলা হয়েছিল।’
তবে এবার হামজা সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন হংকং কোচ। ওয়েস্টউড বলেন, ‘সে (হামজা) দারুণ এক খেলোয়াড়। আমরা তাকে পাবো কি না, জানি না। আমি কখনও তার সঙ্গে অনুশীলন করিনি, তাকে অনুশীলন করতে দেখিনি, তার ক্যারেক্টার কেমন তাও জানি না। দল নির্বাচনের সময় অনেক বিষয় বিবেচনা করতে হয়। শুধু দক্ষতা দেখেই কাউকে দলে নেওয়া হয় না। যদিও ওর দক্ষতা রয়েছে। পুরো ব্যাপারটা মিলিয়ে দেখতে হয়। তবে এটা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে যে সে উঁচুমানের খেলোয়াড়। সে সর্বোচ্চ লেভেলে খেলে, আর আমাদের অনেক খেলোয়াড়ই সেই লেভেলে খেলতে চায়।’
দেশের ইতিহাসের দ্রুততম ফিফটিতে লড়াকু পুঁজি এনে দিলেন স্বর্ণা
সেঞ্চুরিতে দিল্লি টেস্ট পঞ্চম দিনে নিলেন ক্যাম্পবেল-হোপ