টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নেপাল ও ওমান

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ এএম

এশিয়া–ইস্টার্ন এশিয়া-প্যাসিফিক (ইএপি) অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল নেপাল ও ওমান। আগামী বছর ভারতের সঙ্গে যৌথভাবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই আসর।

ওমানের আল আমিরাতে চলমান কোয়ালিফায়ারে সুপার সিক্স ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই বিশ্বকাপ নিশ্চিত হয় দুই দলের। অন্য একটি ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ৭৭ রানে সামোয়াকে হারায়, যার ফলে পয়েন্ট টেবিলের হিসাবেই নেপাল ও ওমান নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট।

বর্তমানে সুপার সিক্সে নেপাল ও ওমানের পয়েন্ট সমান। শুধু নেট রান রেটে সামান্য ব্যবধানে এগিয়ে আছে নেপাল। চার পয়েন্ট নিয়ে আরব আমিরাত আছে তৃতীয় স্থানে। তাদের পরবর্তী ম্যাচ ১৬ অক্টোবর জাপানের বিপক্ষে। সেই ম্যাচেই নির্ধারিত হবে তৃতীয় দলের ভাগ্য।

নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিছানে আবারও প্রমাণ করেছেন কেন তিনি দেশের ক্রিকেটের প্রাণভোমরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি ৪ ইনিংসে ১০ উইকেট নিয়েছেন মাত্র ৯.৪০ গড়ে। আর ইকোনমি রেট ৬-এর নিচে। কাতারের বিপক্ষে তার ১৮ রানে ৫ উইকেট নেপালকে দুর্দান্ত জয় এনে দেয়।

অন্যদিকে ওমানের বামহাতি পেসার জিতেন রমনান্দি টুর্নামেন্টে ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে আছেন সর্বোচ্চ উইকেটশিকারিদের মধ্যে চতুর্থ স্থানে। তিনি এশিয়া কাপে ভারতের বিপক্ষেও নজর কেড়েছিলেন। শিকার করেছিলেন অভিষেক শর্মা ও তিলক ভার্মার গুরুত্বপূর্ণ উইকেট।

আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে নেপাল ও ওমানের অংশগ্রহণ তাদের ক্রিকেট ইতিহাসে আরেকটি মাইলফলক। এখন তৃতীয় দল হিসেবে আরব আমিরাত বিশ্বকাপে উঠতে পারে কিনা সেদিকেই নজর থাকবে সবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত