জাতীয় দলের খারাপ সময়ে কটুকথা না বলার আহবান নাসিরের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১১:১৮ এএম

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গতকাল দেশে ফিরেছে টিম টাইগার। তবে তাদের এবারের অভিজ্ঞতাটা হয়েছে ভিন্ন। বিমানবন্দরে সমর্থকদের দুয়োধ্বনি শুনে মাথা নিচু করে যেতে হয়েছে গন্তব্যে। দলের খারাপ সময়ে এভাবে কটুক্তি না করে পাশে থাকার আহবান জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নাসির লিখেছেন, ‘আমরা ক্রিকেট প্লেয়ার, তার থেকেও বড় পরিচয় আমরা মানুষ। রক্তে মাংসে গড়া মানুষ। কোনো রোবট নই যে, অনুভূতি নেই। জিতে গেলে ১৭ কোটি মানুষ আনন্দ পায়, উল্লাস করে। তাহলে হেরে গেলে কেন শুধু ১১জন কষ্টের দায়ভার বহন করবে? আমার প্রশ্ন জাতির কাছে- কেউ কি ইচ্ছে করে হেরে যায় বা হারতে চায়?’

নাসির আরও লিখেছেন, ‘আনন্দ যদি ভাগাভাগি করে নেওয়া যায়, তবে কষ্টের সময় একটু সহানুভূতি কি দেখানো যেতে পারে না? কটুকথা না শুনিয়ে, আত্মবিশ্বাসে আঘাত না করে, মনোবল বৃদ্ধি করা বা জয়ের পথে এগোতে একটু কি উৎসাহ দেওয়া যায় না? ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামীতে আমরাও ভালো করবো। হারজিত তো থাকবেই, এতে ভেঙ্গে পড়া যাবে না। আমরা আরও শক্তিশালী হয়ে মোকাবেলা করে দেখিয়ে দিতে চাই। আর চাই ১৭ কোটি মানুষের ভালোবাসা, দোয়া আর সমর্থন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত