আফগানিস্তানের বিপক্ষে দুঃস্বপ্নের সিরিজ শেষেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ উপলক্ষে আজ বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের এই দলে ফিরেছেন সৌম্য সরকার। বাদ পড়েছেন নাঈম শেখ এবং নাহিদ রানা।
সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে মাত্র এক ম্যাচ খেলেছেন নাঈম। বাজে ব্যাটিংয়ে হয়েছেন সমালোচিত। দেশে ফিরে শুনতে হয়েছে দুয়োধ্বনি। তবে জাকের আলী অনিক সেই এশিয়া কাপ থেকে সাদা বলের দুই ফরম্যাটে ধারাবাহিকভাবে বাজে পারফর্ম করেও দলে টিকে গেছেন। উইকেটকিপার হিসেবে জাকেরের পাশাপাশি দলে আছেন নুরুল হাসান সোহানও। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মহিদুল ইসলাম অঙ্কন।
দলে সুযোগ পাওয়া সৌম্য সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা নাহিদ রানা বাদ পড়েছেন। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। স্পিনে হাত ঘোরাবেন রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
এইচএসসিতে অকৃতকার্য মারুফা; খাতা পুনর্নিরীক্ষণের উদ্যোগ
আরও তিন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব
বিরল ‘ফ্রিক ইনজুরি’র শিকার গ্লেন ম্যাক্সওয়েল!