বিরল ‘ফ্রিক ইনজুরি’র শিকার গ্লেন ম্যাক্সওয়েল!

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম

জন্মদিনের পার্টিতে গিয়ে পা ভাঙা, গলফ কার্টে উঠে মাথায় আঘাত- গ্লেন ম্যাক্সওয়েল এর আগে এমন অদ্ভুত সব ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। আরও একবার তিনি অদ্ভুতুড়ে ইনজুরির শিকার হলেন। নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইতে অনুশীলনের সময় নেটে ব্যাটিংয়ের সময় তিনি ‘ফ্রিক ইনজুরি’র শিকার হয়েছেন। ছিটকে গেছেন স্কোয়াড থেকে। কিন্তু কী এই ফ্রিক ইনজুরি?

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে অনুশীলন করছিল অস্ট্রেলিয়া দল। নেটে ম্যাক্সওয়েল বল করছিলেন মিচ ওয়েনকে। একপর্যায়ে ওয়েনের একটি জোরালো শটে বল এসে লাগে ম্যাক্সওয়েলের বাম হাতে। স্ক্যানের পর দেখা যায়, তার হাতে ফ্র্যাকচার হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতোমধ্যে বদলি হিসেবে উইকেটকিপার ব্যাটার জশ ফিলিপেকে দলে ডেকেছে।

ক্রিকেট.কম.এইউ-কে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথিউ শর্ট ঘটনাটি নিয়ে বলেন, ‘আমি পাশের নেটে ব্যাট করছিলাম। হঠাৎ একটা জোরালো শব্দ শুনি। দেখি, ওয়েনের মারা বলটি সরাসরি ম্যাক্সির হাতে লেগেছে। তখনই বোঝা যাচ্ছিল বিষয়টা ভালো কিছু নয়। ওয়েনের মতো পাওয়ার হিটারকে নেটে বল করা ঝুঁকিপূর্ণই বটে। ম্যাক্সি আগেও বেশ কিছু গুরুতর ইনজুরির শিকার হয়েছে, তাই এবারও হতাশা কাটিয়ে সে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে।’

ইনজুরির দুঃস্বপ্ন যেন বারবার ঘুরে ফিরে আসছে গ্লেন ম্যাক্সওয়েলের জীবনে। ২০২২ সালে এক জন্মদিনের পার্টিতে বন্ধুর গায়ে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়, যা সারাতে দীর্ঘ সময় লেগেছিল। এরপর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে গলফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে কনকাশনে পড়েছিলেন তিনি। আপাতত তিনি আগামী ২৯ অক্টোবর থেকে ক্যানবেরায় শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফেরার লড়াই চালিয়ে যাবেন।

নিউজিল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, টিম ডেভিড, বেন ডয়ারশুইস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ম্যাট কুহনম্যান, মিচেল ওয়েন, জশ ফিলিপে, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত