‘উত্তেজনা এড়াতে’ ইউক্রেনকে টমাহক না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:২০ এএম

রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাচ্ছে না ইউক্রেন। 

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কিয়েভের সেই প্রত্যাশা পূরণ হয়নি। ট্রাম্প বলেছেন, এমন অস্ত্র সরবরাহ করলে পরিস্থিতি আরও ‘উত্তেজনাপূর্ণ’ হয়ে উঠতে পারে।

বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তারা দীর্ঘপাল্লার অস্ত্র নিয়ে আলোচনা করেছেন, তবে সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হবে না। কারণ যুক্তরাষ্ট্র চায় না সংঘাত আরও বেড়ে যাক।

পরবর্তীতে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের এখনই যুদ্ধ থামানো উচিত—‘যেখানে আছে, সেখানেই।’

এর আগের দিনই ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং শিগগিরই হাঙ্গেরিতে দেখা করার পরিকল্পনার কথা জানান।

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আশা করি, ইউক্রেনের টমাহক ক্ষেপণাস্ত্রের প্রয়োজন পড়বে না। যুদ্ধের ইতি টানা সম্ভব হবে সেটি ছাড়াই।”

তিনি আরও যোগ করেন, “এই অস্ত্র আমাদেরও দরকার। পাঠানো মানে উত্তেজনা বাড়ানো। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলবে।”

পুতিনের সঙ্গে তার সাক্ষাতের পরিকল্পনা কি টমাহক ইস্যুর ফল, এমন প্রশ্নে ট্রাম্পের জবাব, “এটা সব সময়ই আলোচনার অংশ থাকে।”

বৈঠকে জেলেনস্কি প্রস্তাব দেন, ইউক্রেন টমাহকের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ড্রোন দিতে পারে। ট্রাম্প সেই প্রস্তাবে হাসিমুখে সাড়া দেন।

জেলেনস্কি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তিতে ভূমিকার প্রশংসা করে বলেন, সেই অভিজ্ঞতা রাশিয়ার যুদ্ধ বন্ধেও কাজে লাগানো যেতে পারে।

বৈঠকের পর সাংবাদিকেরা জানতে চান, পুতিনের শান্তিচেষ্টার বিষয়ে তার মত কী। জেলেনস্কির সংক্ষিপ্ত উত্তর—“জানি না।”

তবে তিনি মনে করেন, ইউক্রেনের টমাহক পাওয়ার সম্ভাবনাই রাশিয়াকে আতঙ্কিত করেছে, কারণ এটি একটি শক্তিশালী অস্ত্র। ওয়াশিংটন ছাড়ার আগে জেলেনস্কি বলেন, “আমি আশাবাদী নই, বরং বাস্তববাদী।”

তার বিশ্বাস, টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো গেলে পুতিনের যুদ্ধ অর্থনীতি দুর্বল হয়ে পড়বে।

সম্প্রতি ট্রাম্প টমাহক বিক্রিতে কিছুটা নমনীয়তা দেখালেও পুতিন সতর্ক করেছেন—এমন সিদ্ধান্ত নিলে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক আরও তলানিতে ঠেকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত