কক্সবাজারে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ায় তুচ্ছ ঘটনায় ফুফাতো ভাইয়ের হাতে খুন হয়েছে মামাতো ভাই। শনিবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ইলিয়াস খান।

নিহত মো. সারওয়ার একই এলাকার আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি ইলিয়াছ খান বলেন, শনিবার দুপুরে জনৈক ব্যক্তির নির্মাণধীন ভবনে এক সাথে কাজ করছিলেন মো. সারওয়ার ও তার মামাতো ভাই মো. রায়হান। এক পর্যায়ে কাজের বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য হয়। এ নিয়ে তারা পরস্পর তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। পরে উভয়ে হাতাহাতিতে লিপ্ত হয়।

ঘটনার এক পর্যায়ে মো. রায়হান একটি ভাঙ্গা কাঁচ দিয়ে মো. সারওয়ারের পেটে আঘাত করে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ঘাতক যুবক পলাতক রয়েছে।

ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত