ঢাকা লিগ নিয়ে মিঠুন, ‘উনারা আগেই আমাদেরকে আশ্বস্ত করেছেন’

 

 
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম

বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে নানা অভিযোগে ঢাকা ক্লাব সংগঠকদের একটি অংশ লিগ বর্জনের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে দায়িত্ব নিয়ে নতুন পর্ষদ ২৫ অক্টোবর থেকে ছেলেদের জাতীয় ক্রিকেট লিগ শুরু ঘোষণা দিয়েছে। কিন্তু এই টানাপোড়েনের মাঝে বাকি রয়ে গেছে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। সাধারণত এখন খেলা চলার কথা ছিল তৃতীয় বিভাগ লিগের। এ নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটারদের দুর্ভাবনা দূর করার চেষ্টার কথা জানিয়েছেন।

মিঠুন বলেন, ‘আমরা সবাই জানি, বেশ কিছুদিন ধরে ঢাকার ক্লাব গুলোর সঙ্গে ক্রিকেট বোর্ডের একটা সমস‌্যা চলছে। এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। খেলোয়াড়দের স্বার্থে আমরা ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। সামনে যে ঢাকা লিগগুলো আসবে, সেই লিগ গুলো যেন আমরা খেলতে পারি। এই বিষয়গুলো নিয়ে উনাদের সঙ্গে আলোচনা হবে। উনারা আগেই আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই তথ‌্যটাই দিতে চাইছি। আমরা ওই প‌্যানেলটার সঙ্গে বসতে চাইম যারা খেলতে আগ্রহী নয় বা খেলতে চাচ্ছেন না। আমরা এটা নিয়ে উনাদের সঙ্গে আলোচনা করবো। যেন উনারা খেলোয়াড়দের কথা চিন্তা করে। যেন আমরা কিভাবে খেলা মাঠে গড়াতে পারি।’

লিগ সংশ্লিষ্ট সবার কথাই চিন্তা করতে বলে জানান কোয়াব সভাপতি। বলেন, ‘ঢাকা লিগে খেলোয়াড়, কোচ, টিম বয়, ফিজিও, ট্রেনার সব মিলে ২ হাজারের বেশি এখান থেকে আয় করে। ঢাকা লিগ তাদের একটা মেইন সোর্স। এই টুর্নামেন্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে ২ হাজার পরিবার হুমকির মুখে পড়বে। গত বছরও দেখেছেন, ঢাকা লিগ যেভাবে হয় সাধারণত, সেভাবে কিন্তু হয়নি। বিভিন্ন ইস্যুর কারণে খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বছরও যদি এরকম কিছু হয়, তাহলে আমার সংশয় আছে খেলোয়াড়রা কতুটুক টিকে থাকতে পারবে। এই ইস্যুটাকে মাথায় রেখে উনাদের সঙ্গে আমাদের আলোচনা হবে। উনারাও আশ্বস্ত করেছেন, আমাদের সঙ্গে বসবেন। আশা করছি, পজিটিভ কিছু জানাতে পারব।’

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত