ফাঁসির আসামিকে কনডেম সেলে রাখা নিয়ে আপিলের শুনানি ২৮ অক্টোবর

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কনডেম সেলে রাখা যাবে না-হাইকোর্টের এমন ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে দাখিল করা আপিলের শুনানির তারিখ নির্ধারণ করেছে আপিল বিভাগ। আগামী ২৮ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

রবিবার (১৯ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে, ২০২৪ সালের ১৩ মে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দিয়েছিলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির আপিল, পুনর্বিবেচনা (রিভিউ) এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে কনডেম সেলে রাখা যাবে না।

ওই রায়ে আরও নির্দেশ দেওয়া হয়, বর্তমানে কনডেম সেলে থাকা বন্দিদের দুই বছরের মধ্যে ধাপে ধাপে সাধারণ সেলে স্থানান্তর করতে হবে। তবে আদালত স্পষ্ট করে দেয়, স্বাস্থ্যগত কারণ বা সংক্রামক রোগের ঝুঁকি থাকলে কোনো বন্দিকে নির্জন কক্ষে রাখার প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতিতে শুনানির মাধ্যমেই করা যাবে।

হাইকোর্টের ওই রায়ের পর ২০২৪ সালের ১৫ মে চেম্বার আদালত আদেশ স্থগিত করেন, যা ২৫ আগস্ট পর্যন্ত বহাল ছিল।

উল্লেখ্য, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়। এ রিটটি দায়ের করেন আইনজীবী শিশির মনির, চট্টগ্রাম কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিল্লুর রহমান, সিলেট কারাগারের আব্দুল বশির এবং কুমিল্লা কারাগারের শাহ আলমের পক্ষে। তাদের তিনজনেরই আপিল বর্তমানে হাইকোর্টে বিচারাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত