বিমান উপদেষ্টা

পুড়েছে আমদানির অংশ, রপ্তানির কার্গো সম্পূর্ণ নিরাপদ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে শুধুমাত্র আমদানির কার্গো অংশ পুড়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, রপ্তানির কার্গো সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, দুর্ঘটনাটি ঘটেছে শুধুমাত্র আমদানি কার্গো অংশে, রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের এখন দরকার এই সংকট অতিক্রম করা। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আল্লাহতালা আমাদের এই কাজ সহজ করে দেন। আমরা খুব দ্রুত বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ফেরাতে চাই।

ক্ষয়ক্ষতি নিরূপণ ও তদন্তের জন্য সর্বোচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

শেখ বশির উদ্দিন আরও জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের ঘটনার পর বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টার দিকে বিমানবন্দর চালু হয়। রাত ৯টা ৬ মিনিটে দুবাই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত