বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
প্রতিনিধিদলে রয়েছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, অধ্যক্ষ মাইনুদ্দীন, জহিরুল ইসলাম, আবু তালেব সোহাগ, নুরুল আমিন হেলালী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, শান্ত ইসলাম, আবুল বাশার ও আব্দুল হাই সিদ্দিকী।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ তথ্য নিশ্চিত করেছেন। এ বৈঠকের কারণে ভুখামিছিল বিকাল ৩টায় হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
এদিকে সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ আজিজী বলেছেন, শিক্ষক-কর্মচারীদের দাবি উপেক্ষা করে এই প্রজ্ঞাপনকে গভীর ষড়যন্ত্রমূলক। ফলে দাবি আদায় না হওয়া নাগাদ আমরা আন্দোলন চালিয়ে যাবো। তবে নতুন প্রজ্ঞাপনকে প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে খালি থালা হাতে নিয়ে ভুখা মিছিল করবেন এমপিওভুক্ত শিক্ষকরা।
এদিকে রবিবার উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে।
