সৌম্যর লড়াই থামল; বাংলাদেশ কত রান করবে?

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৩ রানেই বাংলাদেশের ইনিংসের অর্ধেক শেষ হয়ে গেছে। আউট হয়ে ফিরেছেন পাঁচ ব্যাটার। একপ্রান্ত আগলে লড়ে যাওয়া সৌম্য সরকারও ফিফটির কাছ থেকে ফিরেছেন। ৩৫ ওভারে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১১৩ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২২ রানে আকিল হোসেনর বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে এক ছক্কায় ৬ রান করা সাইফ হাসান। তিনে নেমে তাওহীদ হৃদয় ফিরেছেন ১৯ বলে ২ চারে ১২ রান করে। গুড়াকেশ মোতির ঝুলিয়ে দেওয়া বলটি উড়িয়ে মারতে গিয়ে ব্যর্থ হন হৃদয়। ব্যাটের কানায় লেগে বল চলে যায় পয়েন্টে থাকা আকিলের হাতে। 

সবচেয়ে অদ্ভুত আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত (১৫)। ভালো শুরুর পর আলিক অ্যাথানেজের শর্ট বল লেগ সাইডে পুল করতে চেয়েছিলেন। ঠিকভাবে সংযোগ না হওয়ায় বল চলে যায় মিড অনে থাকা ফিল্ডার ব্রেন্ডন কিংয়ের হাতে। আউট হয়ে নাজমুল যেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি মাথায় হাত দেন! অন্যদিকে ওয়ানডেতে প্রথম উইকেট পাওয়া অ্যাথানেজ আনন্দে দুই হাতে মুখ লুকান। মাহিদুল ইসলাম অঙ্কনও ১৭ রানের বেশি করতে পারেননি।

সৌম্য একা লড়াই করতে করতে মিস করেন ফিফটি। তার ৮৯ বলে ৩ চার ১ ছক্কায় ৪৫ রানের ইনিংসটি থামে আকিল হোসেনের বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে পিয়েরের হাতে ধরা পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত