রাজশাহী স্টেশনে ট্রেনের ২ বগি লাইনচ্যুত

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম

রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ‘ঢালারচর’ এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌনে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে, সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। কোন যাত্রী আহত হবার খবর পাওয়া যায়নি তবে, দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানান, বনলতা এক্সপ্রেসের দুটি বগি অন্য ট্রেনে লাগানোর জন্য স্টেশনে এনে রাখা হয়েছিল। সানটিংয়ের জন্য অপেক্ষমান ইঞ্জিন ছাড়া এ বগি দুটি নিজে নিজেই হঠাৎ পেছনের দিকে চলতে থাকে। আর তখনই স্টেশন থেকে বের হচ্ছিল ঢালারচর এক্সপ্রেস। এ সময় ওই দুটি বগির সঙ্গে ঢালারচরের দুটি বগির সংঘর্ষ হয়। এতে ঢালার চরের দুটি বগি লাইনচ্যুত হয়। এই দুটি বগি রেখেই ঢালারচর এক্সপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। বগি লাইনচ্যুতির কারণে দুর্ঘটনার পর রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন চাঁপাইনবাবগঞ্জ যেতে পারেনি। তবে, সারাদেশের অন্য সকল রুটে ট্রেন চলাচল করছে। দুর্ঘটনার পরই লাইনচ্যুত দুটি বগির উদ্ধার কার্যক্রম শুরু হয়। রাতেই এটি উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্টরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত