২৪ বছর পর ইনিংস ব্যবধানে টেস্ট জয় জিম্বাবুয়ের, সমান হলো বাংলাদেশের

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পিএম

বাংলাদেশের কাছে গত এপ্রিলে সিলেটে ইনিংসের ব্যবধানে টেস্ট হেরেছিল জিম্বাবুয়ে। সেই জিম্বাবুয়ে একই মাত্রার জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে। হারারে স্পোর্টস ক্লাবে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসকে ১৫৯ রানে গুটিয়ে দিয়ে ইনিংস ও ৭৩ রানে জয় পায় জিম্বাবুয়ে। টেস্ট ইতিহাসে এটি তাদের মাত্র তৃতীয় ইনিংস ব্যবধানে জয় এবং ২৪ বছরে পর প্রথম। ঘরের মাঠেও ১২ বছর পর টেস্ট জিতলো ১৯৯২ সাল থেকে টেস্ট আঙিনায় ঢোকা জিম্বাবুয়ে। 

১৫৪ টেস্টে বাংলাদেশ জিতেছে ২৩ টেস্ট। জিম্বাবুয়ে ৮ বছর আগে শুরু করেও খেললো ১২৯ টেস্ট। জিতলো ১৫তম টেস্ট। ইনিংস ব্যবধানে জয়ে বাংলাদেশের সমান হলো জিম্বাবুয়ে। 

হারারেতে টেস্টের প্রথম দিনেই ভিত্তি তৈরি করে জিম্বাবুয়ে। ব্র্যাড ইভান্সের দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে প্রথম ইনিংসে ১২৭ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। ৫ উইকেট নেওয়া ইভান্স ছিলেন আগুনে, তাঁকে দারুণ সঙ্গ দিয়েছিলেন ব্লেসিং মুজারাবানি (৩-৪৭)। এরপর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বেন কারেন। তাঁর দুর্দান্ত ১২১ রানের ইনিংসের সঙ্গে সিকান্দার রাজা (৬৫) ও ব্রেন্ডন টেলরদের অবদান মিলিয়ে জিম্বাবুয়ে তোলে ৩৫৯ রান, পায় ২৩৩ রানের বিশাল লিড।

দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান শুরু থেকেই চাপে পড়ে। ৩৪/১ থেকে তারা ধসে পড়ে ৬০/৪-এ। রাহমানউল্লাহ গুরবাজকে ফেরান তানাকা চিভাঙ্গা, এরপর দ্রুতই দুই উইকেট ইব্রাহিম জাদরান (৪২) ও হাশমতুল্লাহ শাহিদিকে তুলে নেন রিচার্ড নাগারাভা। আফসার জাজাই ও বাহির শাহ মিলে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও (৪৯ রানের জুটি), সেটিও বেশিক্ষণ টিকেনি। মুজারাবানির বাউন্সারে শাহ ধরা পড়েন ফাইন লেগে।

এরপর চিভাঙ্গা ও নাগারাভার বোলিংয়ে আফগান ব্যাটারদের টিকতে দেননি জিম্বাবুয়ের পেসাররা। নাগারাভার দুর্দান্ত স্পেল (১৩ ওভারে ৫-৩৭) ছিল তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্ট ‘ফাইভ-ফর’। তাঁকে দারুণ সহায়তা দেন মুজারাবানি (৪-৩৮)। 

ম্যাচশেষে জিম্বাবুয়ে অধিনায়ক উচ্ছ্বসিত কণ্ঠে বলেন,“বছরজুড়ে কঠিন সময় গেছে, কিন্তু এই জয় সব কষ্টের ফল। টস জেতাটা ছিল শুরু, এরপর বোলাররা অসাধারণভাবে ফিরে এসে গতি তৈরি করে। ব্যাটাররা দারুণ লড়েছে, বিশেষ করে বেন কারান। ইভান্স প্রথম ইনিংসে যেমন দুর্দান্ত ছিল, রিচি (নাগারাভা) তেমনি দ্বিতীয় ইনিংসে চমৎকার বল করেছে। এটা আমাদের জন্য খুবই বিশেষ জয়—সিলেটের জয়টার পর এবার ঘরের মাঠে এমন জয়ে আমরা গর্বিত।”

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান ১২৭ (রাহমানউল্লাহ গুরবাজ ৩৭, আব্দুল মালিক ৩০; ইভান্স ৫-২২, মুজারাবানি ৩-৪৭) এবং ১৫৯ (ইব্রাহিম জাদরান ৪২, বাহির শাহ ৩২; নাগারাভা ৫-৩৭, মুজারাবানি ৪-৩৮)

জিম্বাবুয়ে ৩৫৯ (বেন কারেন ১২১, সিকান্দার রাজা ৬৫; জিয়াউর রহমান শরিফি ৭-৯৭)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত