মুসলিম নারীদের সম্পর্কে অশোভন মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (বাইশে অক্টোবর) ভোরে আহসানউল্লাহ হল থেকে শ্রীশান্ত রায় নামের ওই শিক্ষার্থীকে আটক করে চকবাজার থানা পুলিশ।
পরে তাকে আদালতে হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগের একুশ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্তকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার রাতে সাময়িকভাবে বহিষ্কার করে।
বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক এ কে এম মাসুদ জানান, শিক্ষার্থীদের অভিযোগ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
চকবাজার থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ হাসান আলী জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী বুয়েট কর্তৃপক্ষের দায়ের করা মামলায় শ্রীশান্ত রায়কে গ্রেফতার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বুয়েটের কয়েকজন শিক্ষার্থী জানান, অভিযুক্ত শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম নারীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রমাণ প্রশাসনের কাছে জমা দেন শিক্ষার্থীরা।
চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশরাফুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলার পর আদালতের নির্দেশে শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানো হয়েছে।
