চট্টগ্রাম চেম্বার নির্বাচন

ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পিএম

‘ট্রেড গ্রুপ’ও ‘টাউন এসোসিয়েশন’ ক্যাটাগরিকে চট্টগ্রাম চেম্বার নির্বাচনে অংশ নেওয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিট পিটিশনের শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন-১ এর উপসচিব কর্তৃক জারি করা স্মারকের কার্যকারিতা স্থগিত করেন।

আদালত সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাচারী সিদ্ধান্তে নিষ্ক্রিয় ও অকার্যকর ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনকে চট্টগ্রাম চেম্বার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে-এমন অভিযোগে হাইকোর্টে রিট দায়ের করেন হারবিস কনভার্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল। 

রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট রমজান আলী সিকদার জানান, শুনানি শেষে আদালত হাইকোর্ট রুল জারি করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ৪ সেপ্টেম্বরের স্মারককে স্থগিত করেন। যা ১৫ জুলাইয়ের চট্টগ্রাম চেম্বারের তদন্ত প্রতিবেদন ও ২০ আগস্টের স্মারক অনুযায়ী অকার্যকর ও নিষ্ক্রিয় ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে প্রযোজ্য। নির্বাচনের বাকি কার্যক্রম যথানিয়মে চলবে বলেও আদেশে আদালত উল্লেখ করেন।

তিনি বলেন, হাইকোর্ট যে স্মারকটির ওপর স্থগিতাদেশ দিয়েছেন, তাতে ট্রেড গ্রুপের ‘চট্টগ্রাম মিল্ক ফুড ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স গ্রুপ’সহ যেসব টাউন অ্যাসোসিয়েশন নির্ধারিত সময়ের মধ্যে সদস্যপদ নবায়ন করেছে, তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশনা প্রদান করার নির্দেশনা ছিল। অবশ্য এর আগে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় ২০ আগস্টের এক স্মারকে একই ট্রেড গ্রুপ ও অ্যাসোসিয়েশনকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে নির্দেশনা দিয়েছিল।

নির্বাচনী তফশিল অনুযায়ী আগামী ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর আগে চেম্বার সংঘবিধি অনুযায়ী নির্বাচনে অর্ডিনারি গ্রুপ, অ্যাসোসিয়েট গ্রুপ, টাউন অ্যাসোসিয়েন ও ট্রেড গ্রুপ- এই চারটি ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। পরবর্তীতে যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড। এতে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে তিনটি করে পদের বিপরীতে তিনজন করে প্রার্থী রয়েছেন। এই ছয়জনই থাকায় ‘ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছিলেন।

তারা হলেন- ট্রেড গ্রুপ থেকে মোহাম্মদ আমিরুল হক, এস এম সাইফুল আলম ও মোহাম্মদ আকতার পারভেজ এবং টাউন অ্যাসোসিয়েশন থেকে মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মো. মনির উদ্দিন ও আফসার হাসান চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত