দারুণ জয়ে বাংলাদেশের তিনে তিন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম

কাভা কাপ মেনজ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে টানা তিন জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ শুক্রবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ৩-২ সেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ঠিক যেন আগের দিনের ম্যাচের পুনরাবৃত্তি ঘটালেন হরশিৎ বিশ্বাসরা। প্রথম দুই সেটে এগিয়ে যাওয়া। এরপর খেই হারিয়ে পরের দুই সেটে হেরে বসা। শেষ সেটে দারুণভাবে ফিরে এসে জয় ছিনিয়ে নেওয়া। পরপর দুই ম্যাচে একই ঘটনাই ঘটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

ভলিবলে একটা সময় নেপাল, শ্রীলঙ্কাকে সহজেই হারাতো বাংলাদেশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার দলগুলো বেশ উন্নতি করেছে। যার প্রমাণ বাংলাদেশের ঘাম ঝড়ানো জয়।

অথচ শুরুটা স্বাগতিকরা করেছিল দারুণ ভাবে। প্রথম সেট ২৫-২০ পয়েন্টে জয়ের পর বাংলাদেশ দ্বিতীয় সেট নিজেদের করে নেয় ২৫-২১ পয়েন্টে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে। এরপরেই যেন আগের দিনের ব্যামো পেয়ে বসে বাংলাদেশকে। আত্মবিশ্বাসটা যেন নড়ে যায়। সে সুযোগ নিয়ে শ্রীলঙ্কা ম্যাচে ফেরে তৃতীয় সেট ২৫-১৫ পয়েন্টে জিতে।

চতুর্থ সেটে অবশ্য বাংলাদেশ জোড় চেষ্টা চালিয়েছিল ম্যাচে জয় নিশ্চিতের। তবে এই সেটটাও শ্রীলঙ্কা ২৫-২২ পয়েন্টে জিতে ম্যাচ নিয়ে যায় পঞ্চম সেটে। তবে পঞ্চম সেটে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। প্রথমেই ৫-২ পয়েন্টে এগিয়ে যায় তারা। তবে শ্রীলঙ্কা লড়াই চালিয়ে গেছে। তারা এক সময় সমতায় চলে আসে। একটা সময় দুই দলের সংগ্রহ দাঁড়ায় ১০-১০। এই অবস্থা থেকে বাংলাদেশ টানা চার পয়েন্ট জিতে পৌঁছে যায় জয়ের দাড়প্রান্তে। শ্রীলঙ্কা এরপর স্রেফ এক পয়েন্ট যোগ করতে পারে। অন্যদিকে দারুণ স্ম্যাশে শেষ পয়েন্টটা কুড়িয়ে নিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক হরসিৎ। তাতে ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। দিনের অপর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।

শনিবার টুর্নামেন্টের কোন ম্যাচ নেই। রবিবার বাংলাদেশ চতুর্থ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের সঙ্গে। এই ম্যাচের জয়ী দল চলে যাবে ফাইনালে। লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ সোমবার আফগানিস্তানের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত