হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চায়: রাশেদ প্রধান

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গাজীপুর থেকে মাওলানা মহিবুল্লাহকে গুম করে ভারতে পাচার করতে ব্যর্থ হয়ে পঞ্চগড়ে ফেলে গিয়েছে ইসকন। প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগকে ব্যবহার করতে না পেরে হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চায়। হাসিনামুক্ত বাংলাদেশে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন চলবে না। মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৭ দফা দাবিতে জাগপার আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বিএনপি-জামায়াতসহ সকল গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে বারবার প্রহসনের জাতীয় নির্বাচন আয়োজন করে হিন্দুস্তানের দালাল জিএম কাদের এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি নিয়ে নির্বাচন করতে চায়। গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করেছে জনগণ।

জাগপা মুখপাত্র বলেন, শুনেছিলাম আইন সবার জন্য সমান। গুম-খুনে জড়িত সাবেক সেনা কর্মকর্তাদের জন্য এসি গাড়ি, স্পেশাল জেল নামক বাড়ি কেন? তাদের পরিচয় সেনা কর্মকর্তা নয়, তাদের পরিচয় এখন সন্ত্রাসী। আইন লেভেল প্লেইং ফিল্ড না হলে জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে কীভাবে? জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টির জন্য হাসিনা প্রশাসন এবং নির্বাচনের আগেই ক্ষমতায় চলে আসা নতুন দলীকরণ-মুক্ত প্রশাসন লাগবে। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।

জাগপার বিক্ষোভ মিছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগরে এসে সমাপ্ত হয়। এ সময় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত