বিসিএস নিয়ে পিএসসিতে ১৫ দফা প্রস্তাব এনসিপির

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) ১৫টি প্রস্তাব পেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সাংবিধানিক সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে এই প্রস্তাবগুলো দেন দলটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।

দুপুরে সভা শেষে হাসনাত আবদুল্লাহ বলেন,  জুলাই অভ্যুত্থান শুরুই হয়েছিলো বিসিএসে বৈষম্য রোধের জন্য; কিন্তু এখনো পিএসসির মধ্যে সমন্বয়হীনতা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে সংস্কারের মধ্যে আনতে হবে জানিয়ে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বত্র গুন্ডামি, মন্ত্রণালয়ে যারা আছেন তারা এখনকার সময়ে দাঁড়িয়েও যুগের সঙ্গে তাল মেলাতে পারছে না। তাদের প্রাধান্য তালিকায় চাকরিপ্রার্থীরা নেই। যার ফলস্বরূপ এই প্রজন্মের ক্রোধ দেখতে হবে।
 

এনসিপির ১৫ দফা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. ২৩ নন-ক্যাডার বিধি সংশোধনের জন্য পিএসসি থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে দ্রুত চিঠি ইস্যু করা। ৪৩তম বিসিএস থেকেই এই সমন্বয় শুরু করা।

২. ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদে দ্রুত সুপারিশ কার্যক্রম সম্পন্ন করা।

৩. ৪৪তম বিসিএসে অধিযাচিত ৮৭০ পোস্ট বৃদ্ধি ও চলমান সপ্তাহেই পুনরায় ফলাফল প্রকাশ। চলতি বছরেই গেজেট প্রকাশ নিশ্চিত করা।

৪. ২০২৩ সালের নন-ক্যাডার বিধির সংশোধন ত্বরান্বিত করে ৪৩ থেকে ৪৭তম বিসিএসে সর্বোচ্চ নন-ক্যাডার পদে সুপারিশ অব্যাহত রাখা।

৫. ৪৩তম বিসিএস নন-ক্যাডারে পূর্বে ১২ গ্রেডের হেড টিচার হিসেবে সুপারিশপ্রাপ্তদের মেধার ভিত্তিতে নতুন সার্কুলারে অন্তর্ভুক্ত করা।

অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে:

৬. ৪৫তম বিসিএস ভাইভার হাজিরা পত্রে ভাইভার নম্বর ১০০ আপডেট করা।

৭. স্বচ্ছতা রক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ।

৮. চূড়ান্ত নম্বরপত্র ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে দেখা।

৯. পুলিশ ভ্যারিফিকেশন জটিলতা হ্রাস ও এক মাসের মধ্যে প্রক্রিয়া শেষ।

১০. ক্যালেন্ডার ইয়ারে প্রতিটি বিসিএস শেষ করা।

১১. শিক্ষা ও স্বাস্থ্য স্পেশাল বিসিএসে প্যানেল সিস্টেম রাখা।

১২. ভাইভা বোর্ডভিত্তিক নম্বরের তারতম্য হ্রাসে ক্যাটাগরি নির্ধারণ।

১৩. প্রিলিমিনারি থেকে লিখিত পরীক্ষার মধ্যবর্তী সময় দুই মাস বা ৫০ দিন রাখা ও লিখিত রুটিন আগে প্রকাশ।

১৪. চূড়ান্ত রেজাল্টের আগে ক্রস চেক করে সম বা নিচের ক্যাডার না পাওয়া নিশ্চিত করা।

১৫. পিএসসির পরীক্ষাগুলো গ্রেডভিত্তিক (ক্লাস্টার/সমন্বিত) আয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত