২৫ ঘণ্টা পর ব্রহ্মপুত্রে নিখোঁজ ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে দুই মামাতো-ফুফাতো ভাই নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর ফুফাতো ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া।

আজ (২৬ অক্টোবর) রবিবার আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া গ্রামের নাঈমুলের বালিখলা ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদী থেকে চার বছর বয়সী ফুফাতো ভাই হাবিবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে একইদিন দুপুর ২টায় হাবিবের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল শনিবার সকাল ১০টার দিকে মামাতো ভাই নুরুউদ্দিন (৭) ও ফুফাতো ভাই হাবিবুর রহমান নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

নিহত শিশু হাবিবের বাড়ি উচাখিলা ইউনিয়নের মরিচাচর নামাপাড়া গ্রামে। সে ওই গ্রামের খোকন মিয়ার ছেলে।

জানা গেছে, গতকাল স্থানীয় এক জেলে নুরুউদ্দিনকে ডুবতে দেখে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। সেসময় পাওয়া যায়নি শিশু হাবিবকে। সংবাদ পেয়ে একইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা ১০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে এসে ব্রহ্মপুত্র নদীতে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তিন ঘণ্টা অভিযান চালালেও হদিস মেলেনি হাবিবের।

নিহত শিশু হাবিবের প্রতিবেশী চাচা বিল্লাল হোসেন বলেন, ‘নিখোঁজের সময় নদীতে প্রচুর স্রোতের কারণে হাবিবকে খোঁজে পাওয়া যায়নি। আজ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নদীতে হাবিবের মরদেহ ভেসে উঠে। এমন সময় নৌকা নিয়ে চলাচলকালে এক জেলে হাবিবের মরদেহ দেখে চিৎকার করে। পরে আশপাশের লোকজন এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আজ দুপুর দুইটায় স্থানীয় মুক্তিযোদ্ধা বাজারে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে হাবিবকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত