প্রায় ১০ মাস পর আবারও পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফিরছেন সাবেক অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজে তিনি খেলবেন তিন নম্বর পজিশনে। ফর্মহীন বাবরকে কেন দলে ফেরানো হলো- এ নিয়ে বিতর্ক চলছে। তবে প্রধান কোচ মাইক হেসন এটাকে বাবরের জন্য সুযোগ হিসেবেই দেখছেন।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের হেসন বলেন, ‘ফখর জামান আপাতত প্রথম শ্রেণির ক্রিকেটে মনোযোগ দিচ্ছে, তাই টি–টোয়েন্টি থেকে সাময়িক বিরতি নিয়েছে। এই অবস্থায় টপ–অর্ডারে বাবরের প্রত্যাবর্তন দলে নতুন ভারসাম্য আনবে। এটা তার জন্য দারুণ সুযোগ, আর আমি নিশ্চিত সে এই ভূমিকায় সফল হবে।’
ফখর জামানের এই বিশ্রামের সুযোগেই বাবরের প্রত্যাবর্তন হচ্ছে বলে নিশ্চিত করেছেন কোচ। তিনি আরও বলেন, ‘আমরা ফখরের সঙ্গে আলোচনা করেছি। সে ওয়ানডে ক্রিকেটে ফিরতে চায়, তাই তাকে কিছুটা সময় দিয়েছি। সেই ফাঁকে বাবরের মতো অভিজ্ঞ ব্যাটারকে ফেরানোটা দারুণ সিদ্ধান্ত।’
২০২৪ সালের ডিসেম্বর এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বাবর। ৩১ বছর বয়সী এই ব্যাটার এখন পর্যন্ত ১২৮ টি–টোয়েন্টি ম্যাচে ৪,২২৩ রান করেছেন, গড় ৩৯.৮৪ এবং স্ট্রাইক রেট ১২৯.২৩। তাঁর ঝুলিতে আছে ৩টি সেঞ্চুরি এবং ৩৬টি হাফসেঞ্চুরি। ২০২১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই করেন ক্যারিয়ারের সর্বোচ্চ ১২২ রান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবরের রেকর্ডও চমৎকার। ১৩ ইনিংসে ৩৪.৩৮ গড়ে এবং ১৪১.৪৫ স্ট্রাইক রেটে করেছেন ৪৪৭ রান, টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে তার সেরা পারফরম্যান্সগুলোর একটি। বাবরের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পাকিস্তানি সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি।
এ বছর আর খেলা হচ্ছে না কেভিন ডি ব্রুইনের
অবশেষ মেসি বললেন- ২০২৬ বিশ্বকাপ খেলতে চান
ম্যারাডোনা আমাদের আদর্শ, সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র: মেসি