আইপিএলের শাহরুখের দলের হেড কোচ হলেন সাবেক ক্রিকেটার অভিষেক

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পিএম

কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার অভিষেক নায়ার। ফ্র্যাঞ্চাইজির এক উচ্চপদস্থ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

তিন মৌসুম ধরে কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পন্ডতের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক অলরাউন্ডার। পন্ডিতের অধীনেই ২০২৪ সালে আইপিএল শিরোপা জিতেছিল কেকেআর। চলতি বছরের শুরুতে পণ্ডিত ও ফ্র্যাঞ্চাইজির বিচ্ছেদের পরই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়। নায়ারের নিয়োগের মধ্য দিয়ে কেকেআর আবারও ভারতীয় কোচের হাতেই দায়িত্ব তুলে দিল।

ভারতের একটি ওয়ানডে খেলা অভিষেক নায়ার নিজে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন। খেলোয়াড়দের মধ্যে আধুনিক ও প্রগতিশীল কোচিং পদ্ধতির জন্য বিশেষভাবে প্রশংসিত তিনি। গত পাঁচ বছর ধরে ফ্র্যাঞ্চাইজিটির সাপোর্ট স্টাফ হিসেবে যুক্ত ছিলেন—শুধু ২০২৫ মৌসুমে ভারতের জাতীয় দলের দায়িত্বের কারণে তার সম্পৃক্ততা সীমিত ছিল।

ভারতীয় দলে এক বছর সহকারী কোচ হিসেবে কাজ করা নায়ার খেলোয়াড়দের মানসিক ও শারীরিক উন্নয়নে সামগ্রিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। কেকেআর ব্যবস্থাপনা তার এই খেলোয়াড়-কেন্দ্রিক দর্শন ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতিকে বিশেষ মূল্য দেয়।

তিনি ব্যক্তিগতভাবে ভারতের বহু ক্রিকেটারের সঙ্গে কাজ করেছেন, যাদের মধ্যে রয়েছেন কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার ও বিশেষ করে রোহিত শর্মা। রোহিতের সাম্প্রতিক পুনরুত্থানের পেছনে নায়ারের ভূমিকা রয়েছে বলে অনেকেই বিশ্বাস করেন। ভারত অধিনায়ক নিজেও একাধিকবার নায়ারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কেকেআরের বিদ্যমান কোচিং দলের কয়েকজন সদস্যের সঙ্গে কাজ করবেন নায়ার, যার মধ্যে রয়েছেন দলের মেন্টর ডোয়াইন ব্রাভো। আগের বোলিং কোচ ভরত অরুণ চলতি বছরই ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন; বর্তমানে কেকেআর নতুন বোলিং কোচ নিয়োগের প্রক্রিয়ায় আছে। অরুণ ইতিমধ্যেই লখনৌ সুপারজায়ান্টসে যোগ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত