সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- আশুলিয়ার গাজীরচট এলাকার মেহেদী হাসান মিঠুন (২৪), মো. মোজাম্মেল (৪৪) ও মাসুমা আক্তার রিয়া (২৩), চাঁপাইনবাবগঞ্জের রাণীনগর এলাকার মো.জাহিদুল আলম (২৪), রাজশাহীর জামিরা হাটপাড়া এলাকার নায়ন আলী (১৮), বগুড়ার ফুলবাড়ীয়ার মো.গোলাম রাব্বি (১৮) ও আশুলিয়ার কান্দাইল এলাকার বাবর হোসেন বাবলু।
সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় হঠাৎ ৫ রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পকে জানালে জামগড়া আর্মি ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে মেহেদী হাসান মিঠুন,মো. মোজাম্মেল , জাহিদুল আলম ও মাসুমা আক্তার রিয়া নামের চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ঘটনাস্থলে তল্লাশি করে ১টি মিমি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি কার্তুজ, ১টি বাটস্টক, ২টি ইলেকট্রিক শকার, ৩টি ওয়াকি-টকি ও কয়েকটি দেশীয় অস্ত্র এবং ৩ হাজার ৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশি মদসহ ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, শুক্রবার ভোর রাতে আশুলিয়ার কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় প্রভাব বিস্তারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে নায়ন আলী, বাবর হোসেন ওরফে বাবলু ও গোলাম রাব্বি নামের তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পিস্তল, দেশি অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজাসহ অপরাধের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদক, অস্ত্র ও আটক আসামিদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, সেনাবাহিনী সাতজনকে আটক করে থানা হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
১ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে আলোচনায় মুফতি রায়হান