গাজায় যুদ্ধবিরতি পরবর্তী উদ্যোগে ফ্রান্সের অংশগ্রহণ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:১১ পিএম

গাজায় যুদ্ধবিরতি পরবর্তী পরিকল্পনায় অংশ নিতে ইসরায়েলে সামরিক ও বেসামরিক কর্মীদের একটি দল পাঠিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বিষয়টি নিশ্চিত করেছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ফরাসি টেলিভিশন চ্যানেল এলসিআইকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ব্যারোট বলেন, ফ্রান্স জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সমন্বয় কেন্দ্রে যুক্ত হয়েছে।

তিনি বলেন, ফরাসি কর্মীরা ইতোমধ্যে ওই সমন্বয় কেন্দ্রে কাজ শুরু করেছেন। তবে কতজন কর্মী সেখানে মোতায়ন করা হয়েছে তা তিনি বলেননি।

ফরাসি মন্ত্রী বলেন, শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পাঠানো দলে যোগদানের জন্য আমরা ফরাসি সামরিক ও বেসামরিক কর্মীদের পাঠিয়েছি।  

ব্যারোট আরও যোগ করেন, যুদ্ধবিরতি স্থায়ীভাবে কার্যকর হওয়ার পর গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তাবে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ২১১ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া দুই বছরেরও বেশি সময়ের সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৬৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৪৬ জন শিশু ও ২০ নারীসহ অন্তত ১০৪ জন নিহত এবং ২৫৩ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে চলতি বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত