জামালপুরে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে পাড়ে বাঁধা নৌকায় খেলার সময় পানিতে ডুবে পলি আক্তার (৮), আবু হাসান (৭) ছায়েবা আক্তার (৮) নামে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সিঁধুলী ইউনিয়নের চরভাটিয়ানি এলাকার ঝিনাই নদীর আনার বাড়ী ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হললো, মাদারগঞ্জ উপজেলার সিঁধুলী ইউনিয়নের চরভাটিয়ান এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার এবং একই এলাকার আবু হাসান ও সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছায়েবা আক্তার। এ ঘটনায় বৈশাখী (১০) ও কুলসুম (১৩) নামের আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে পাঁচ শিশু বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর পাড়ে বাঁধা নৌকায় তারা খেলতে থাকে। খেলার এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। সেই সময় ওই পাঁচ শিশু নিখোঁজ হয়।

পরে স্থানীয় তাদের উদ্ধারের চেষ্টা করেন। কিছুক্ষণ চেষ্টার পর তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অভিযান চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন। তবে আরও দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত