কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে থেকে গত ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই কোটি ১৭ লাখের টাকা মূল্যে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (০১ নভেম্বর) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। যার কারণে গত এক মাসে ২ কোটি ১৭ লক্ষ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয় বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে গবাদী পশু (গরু,মহিষ), ইয়াবা, ভারতীয় মদ, ফেনসিডিল,গাঁজা, মসলা, চিনি,কমপ্লিটড্রেসের কাপড়, চকলেট, কসমেটিকস,বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.মাহবুব-উল-হক জানান, সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে।
