ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই আগামী ৪ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ত্রৈমাসিক সভায় এশিয়া কাপ ট্রফি বিতর্ক উত্থাপন করতে যাচ্ছে। তবে ভারতীয় বোর্ডের আশা সভার আগেই ট্রফি ভারতে পৌঁছাবে।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া পিটিআইকে বলেন, 'হ্যাঁ, আমরা কিছুটা অসন্তুষ্ট যে ট্রফি এক মাস পার হলেও আমাদের হাতে দেওয়া হয়নি।' তিনি আরও জানান, এসিসি সভাপতি মহসিন নাকভি চাইছেন ভারতীয় দল ব্যক্তিগতভাবে ট্রফি নিতে আসুক এবং একটি অনুষ্ঠান আয়োজন করা হোক। তবে বিসিসিআই এ প্রস্তাবে সাড়া দেয়নি।
সাইকিয়া আরও বলেন, 'তারা এখনো ট্রফি নিজের কাছে রেখেছে, কিন্তু আমরা আশা করি কয়েক দিনের মধ্যে ট্রফি মুম্বাইয়ের আমাদের অফিসে পৌঁছাবে। যদি শিগগিরই হস্তান্তর না হয়, তবে বিষয়টি আইসিসি সভায় আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হবে।'
ভারত গেল ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে ২০২৫ সালের এশিয়া কাপের শিরোপা জিতেছে। ফাইনাল জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এসিসি সভাপতি নাকভির হাত থেকে ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়।
৪১ বছর পর ইংল্যান্ডকে ধোলাই করল নিউজিল্যান্ড