ওয়ানডে অধিনায়ক আউট করলেন টেস্ট অধিনায়ককে

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

তখনো ঘোষণাটা আনুষ্ঠানিক ভাবে আসেনি, তবে সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে গেছে। নাজমুল হোসেন শান্তই যে আবারো টেস্ট অধিনায়ক হচ্ছেন, শুক্রবার রাতেই সেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার থেকে শুরু হওয়া ২৭তম জাতীয় ক্রিকেট লিগ এর দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি রাজশাহী ও খুলনা। যে দুই দলে খেলছেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে অধিনায়ক মিরাজের বলেই আউট হয়েছেন টেস্ট অধিনায়ক শান্ত, ২ রান করে হয়েছেন লেগ বিফোর উইকেট। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের খেলায় কক্সবাজার ভেন্যুর দুটো ম্যাচেই হয়েছে পুরো দিনের খেলা, ঢাকা ও সিলেটে বাধ সেধেছে বৃষ্টি।

রবিনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ২২০ রান যোগ করেন নাইম শেখ

কক্সবাজারের একাডেমি মাঠে রংপুরের বিপক্ষে প্রথম দিনে বড় সংগ্রহ ময়মনসিংহের। সেঞ্চুরি করেছেন নাঈম শেখ (১১১) ও মাহফিজুল ইসলাম রবিন (১২৭)। তাদের উদ্বোধনী জুটি ২২০ রানের। প্রথম দিনে ময়মনসিংহের সংগ্রহ ২ উইকেটে ২৮১ রান।

সৈকত নগরীর আরেক মাঠে চট্টগ্রাম প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে করেছে ২৬০ রান। সেঞ্চুরি সাদিকুর রহমানের, মমিনুল ৮৪ রানে অপরাজিত। সিলেটে বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ঢাকা-সিলেট ম্যাচে খেলা হয়েছে ৪৩.১ ওভার। ঢাকার সংগ্রহ ৫ উইকেটে ১২০ রান। ৩৬ রানে অপরাজিত মাহিদুল ইসলাম অঙ্কন, ৩ উইকেট নিয়েছেন এবাদত হোসেন আর জোড়া শিকার খালেদ আহমেদের।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কালো মাটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমালোচনা হয়েছে বেশ। চা বিরতির খানিক পর বৃষ্টি নামার আগে, খেলা হয়েছে ৬৫ ওভার। পতন হয়েছে ১৩ উইকেটের। আগে ব্যাটিং করে খুলনা প্রথম ইনিংসে অলআউট মাত্র ১২১ রানে। এনামুল হক বিজয় ১২, সৌম্য সরকার ২ আর মোহাম্মদ মিঠুন করেন ২ রান। ৩ উইকেট করে নিয়েছেন নিহাদুজ্জামান ও মেহেরব হাসান। ব্যাট করতে নেমে ১১ রানে ২ উইকেট হারায় রাজশাহী, ৮ বলে ২ রান করে মিরাজের বলে লেগবিফোর উইকেট হন শান্ত।

২০ ওভারে ৩ উইকেট হারিয়ে রাজশাহী ৮৭ রানে থাকার সময় প্রথমে আলোর স্বল্পতায় খেলা বন্ধ রাখা হয়। এরপর শুরু হয় 'নভেম্বর রেইন'। তাই আর খেলা শুরু হয়নি মিরপুরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত