ভারত বিশ্বকাপ জিতলে গান গাইবেন গাভাস্কার, গিটার বাজাবেন জেমিমা

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা এখন চরমে। আজ রবিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইতিহাসের দ্বারপ্রান্তে থাকা ভারতীয় দলকে নিয়ে সারা দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। আর সেই আনন্দে যোগ দিতে এক অনন্য প্রতিশ্রুতি দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে জেমিমা রদ্রিগেজের দুর্দান্ত ব্যাটিংয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৯ বল বাকি থাকতে জয় তুলে নেয় তারা। নারী ওয়ানডে ইতিহাসে এটাই সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড। অপরাজিত ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলে জেমিমা পান ম্যাচসেরার পুরস্কার। তার চোখ ধাঁধানো ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছে ক্রিকেটবিশ্ব।  ২০২৪ সালে বিসিসিআইয়ের একটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে একসঙ্গে সংগীত পরিবেশন করেছিলেন গাভাস্কার ও জেমিমা।

ভারতের কিংবদন্তি ওপেনার সুনিল গাভাস্কারও মুগ্ধতা নিয়ে বলেছেন, যদি ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে, তাহলে তিনি জেমিমার সঙ্গে গান গাইবেন—আর জেমিমা বাজাবেন গিটার! গাভাস্কারের ভাষায়, ‘যদি ভারত বিশ্বকাপ জেতে, আমরা আবার একসঙ্গে গান গাইব। সে (জেমিমা) বাজাবে আর আমি গাইব। দেখি এবার সে আমাকে সামলাতে পারে কিনা!’

মুম্বাইয়ের তরুণ ব্যাটার জেমিমা রদ্রিগেজ শুধু ব্যাটে নয়, সংগীতেও পারদর্শী। টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে প্রায়ই তার হাতে দেখা যায় গিটার। এর আগে ২০২৪ সালে বিসিসিআইয়ের একটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে একসঙ্গে সংগীত পরিবেশন করেছিলেন গাভাস্কার ও জেমিমা। সেই স্মৃতি রোমান্থন করে গাভাস্কার আরও বলেন, ‘সেদিন আমরা ভীষণ আনন্দ করেছিলাম। এবার যদি ওরা বিশ্বকাপ জিততে পারে, সেটি হবে সত্যিই স্মরণীয়।’

আজকের ফাইনালে যারাই জিতুক, নারী ওয়ানডে বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। প্রোটিয়ারা প্রথমবার ফাইনালে উঠেছে। আর ভারত দুইবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। ফাইনালের মঞ্চে ‘গিটার গার্ল’ জেমিমাই হতে যাচ্ছেন ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড। ভারতীয় নারীরা যদি শিরোপা জিততে পারেন, তাহলে গাভাস্কার আর জেমিমার দ্বৈত পারফর্মেন্সটাও হয়তো দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত