শরীয়তপুরের জাজিরায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার নাওডোবা ইউনিয়নের লতিফ ফকিরের কান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেলের আঘাতে অন্তত ৫ জন আহত হয়। এছাড়া ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জাজিরা লতিফ ফকিরের কান্দি এলাকার আধিপত্য বিস্তার নিয়ে লতিফ ফকির এবং ফয়জুল করিম মাদবরের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুর ১২টার দিকে ওই এলাকার সরকারি জমিতে একটি মসজিদ নির্মাণ করছিলেন ফয়জুল করিমের লোকজন।
এ সময় লতিফ ফকিরের সমর্থকরা বাধা দিলে দুই পক্ষের সমর্থকরা ১৮ থেকে ২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৬টি ককটেল উদ্ধার করে পুলিশ।
এদিকে অভিযুক্ত লতিফ ফকির এবং ফয়জুল করিম মাদবরের বক্তব্যর জন্য যোগাযোগ করতে চাইলে তাদের সাড়া পাওয়া যায়নি।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, মসজিদ নির্মাণ ও আধিপত্য বিস্তার নিয়ে লতিফ এবং ফয়জুল করিমের সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। কোন পক্ষ অভিযোগ নিয়ে থানায় আসেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
