ওয়াসিম আকরামকে মুগ্ধ করা কে এই ১৭ বছরের আলী রেজা?

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ‘সুলতান অব সুইং’ হিসেবে পরিচিত ওয়াসিম আকরাম। এই কিংবদন্তি পেসারের নজরে এসেছে পাকিস্তানের নতুন প্রজন্মের এক পেসার। তার নাম আলী রেজা, বয়স মাত্র ১৭ বছর। এই কিশোরকেই পাকিস্তানের ভবিষ্যৎ পেস আক্রমণের মূল অস্ত্র হিসেবে দেখছেন ওয়াসিম।

সম্প্রতি উইজডেন ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, সঠিক দিকনির্দেশনা পেলে ও পরিশ্রম করলে আলী রেজা মাঠ মাতাবেন। তার ভাষায়, ‘আমি পাকিস্তানের প্রথম শ্রেণির ম্যাচ খুব কমই দেখি। তবে এই তরুণ পেসার আলী রেজার মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা স্পষ্ট। তাকে সঠিকভাবে প্রস্তুত করতে পারলে পাকিস্তান লাল বলের দারুণ একজন বোলার পাবে। স্বাভাবিকভাবে সাদা বলেও সে সাফল্য পাবে।’

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম আসরে পেশোয়ার জালমির হয়ে খেলতে গিয়ে আলো ছড়ান আলী রেজা। টুর্নামেন্টে ৯ ম্যাচে শিকার করেন ১২ উইকেট। বিশেষ করে ২১ রানে ৪ তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। এখন পর্যন্ত ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩২ উইকেট নিয়েছেন রেজা। সেরা বোলিং ৪৮ রানে ৭ উইকেট। এছাড়া ১২টি লিস্ট ‘এ’ ম্যাচে তার শিকার ১৭টি।

তবে আকরাম আশঙ্কা প্রকাশ করেছেন, ক্রিকেটে রাজনীতি হস্তক্ষেপ করলে আলী রেজার মতো প্রতিভা হারিয়ে যেতে পারে। কিংবদন্তি এই পেসারের ভাষায়, ‘খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়। প্রতিভাকে সুযোগ দেওয়া জরুরি। কিন্তু দুঃখজনকভাবে ক্রিকেটের বিভিন্ন লিগে এখনো এ বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত