আবারও আইনি জটিলতায় পড়ে বিপাকে বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি রাজস্থানের বিজেপি নেতা এবং হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি সালমান খান এবং একটি পান মসলা ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, সালমানের প্রচার করা সেই পান মসলা ব্র্যান্ডের বিজ্ঞাপন ভোক্তাদের বিভ্রান্ত করছে। এই অভিযোগের ভিত্তিতে কোটা ভোক্তা আদালত সালমান এবং সংশ্লিষ্ট সংস্থার উদ্দেশ্যে নোটিস জারি করেছে। আদালত উভয় পক্ষের কাছ থেকে জবাব চেয়েছে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৭ নভেম্বর।
অভিযোগে বলা হয়েছে, বিজ্ঞাপনে পণ্যটিকে ‘জাফরানযুক্ত এলাচ’ ও ‘জাফরানযুক্ত পান মসলা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করছে। আবেদনকারী দাবি করেছেন, জাফরানের বাজারমূল্য প্রায় প্রতিকেজি চার লাখ, তাই পাঁচ টাকার পণ্যে প্রকৃত জাফরান থাকা সম্ভব নয়। পান মসলা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি মুখের ক্যানসারের অন্যতম প্রধান কারণ।
হানির কথায়, ‘সালমান খান দেশের লাখো তরুণের আদর্শ। আমরা কোটার ভোক্তা আদালতে অভিযোগ দায়ের করেছি এবং নোটিস জারি হয়েছে। বিদেশে কোনো তারকা তামাকজাত বা ক্ষতিকর পণ্য প্রচার করেন না, অথচ ভারতে তারকাদের এই ধরনের পণ্যের বিজ্ঞাপনে দেখা যায়। আমি তাদের অনুরোধ করব যেন তারা যুবসমাজের কাছে ভুল বার্তা না পাঠান।’
সালমানকে সেই ব্র্যান্ডের একটি এলাচজাত পণ্যের বিজ্ঞাপনে দেখা গেলেও পান মসলার কোনো বিজ্ঞাপনে তাকে দেখা যায়নি। বর্তমানে সালমান টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনা করছেন।