যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় পণ্য উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

ফেনীর পরশুরামে স্থানীয় যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় পণ্য উদ্বার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ আহমেদের ঘর থেকে ২১১ পিস ভারতীয় থ্রি-পিস জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশের এসআই মোস্তাফা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে জিহাদ আহমেদের বিরুদ্ধে মামলা করেছেন।

জানা যায়, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের নেতৃত্বে পুলিশ  বৃহস্পতিবার রাত ২টার দিকে চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিহাদের ঘর থেকে ১১ গাইড (২১১ পিস) ভারতীয় থ্রি-পিস জব্দ উদ্ধার করে। জিহাদ চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, জিহাদের ঘর থেকে ২১১ পিস ভারতীয় থ্রি-পিস জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই মোস্তাফা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এর আগে গত রবিবার (২৬ অক্টোবর) ফুলগাজীতে ভারতীয় অবৈধ পণ্য বোঝাই পিকআপের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহতসহ ভারতীয় শাড়ি জব্দের ঘটনায় পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত