ইমনের ৬ উইকেট সত্ত্বেও হার যুবাদের

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

যুব ওয়ানডে সিরিজে আগফানিস্তানের বিপক্ষে আগের ম্যাচের চেয়ে এবার কম টার্গেট ছিল বাংলাদেশের। বাংলাদেশি পেসার ইকবাল হোসেন ইমন ৯.৩ ওভার বল করে ৫১ রানে নেন ৬ উইকেট, যা তাঁর ক্যারিয়ারসেরা। তাতে আফগানিস্তান ২৫৮ রানে থামে। তবু বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৪৭ রানে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান করে বাংলাদেশ।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তাতে আরও বড় হারের শঙ্কা ছিল। দ্রুত আউট হওয়া ছয় ব্যাটসম্যানের চারজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। যাঁরা পেরিয়েছেন, সেই দুজনের (রিফাত বেগ ও জাওয়াদ আবরার) অবদান ১০ রান করে। তবে সপ্তম উইকেটে মোহাম্মদ আবদুল্লাহ ও দেবাশীষ সরকারের ১০৮ রানের জুটিতে বাংলাদেশ দুইশো পেরোয়। ৬১ বলে ৫১ রান করে নুরিস্তানি ওমরজাইয়ের বলে ক্যাচ তুলে দেবাশীষ আউট হন। ম্যাচ জয়ের আশা শেষ হয়ে গেলেও সেঞ্চুরির দিকে ছুটছিলেন আবদুল্লাহ। তবে ৯৫ রানে আউট হন আব্দুল্লাহ। তার ১৬০ বলের ইনিংসে ছিল ৬ চার ও ২ ছক্কা। ৬ ওভার ২ বল করে ২ মেডেন দিয়ে ২৮ রানে ৪ উইকেট নেন আফগানিস্তানের আবদুল আজিজ।

তার আগে ইকবাল হোসেন ইমন বোলিংয়ে দাপট দেখালেও এক প্রান্ত আগলে রেখে ফয়সাল খান খেলেন ১১২ রানের ইনিংস। এছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ৭২ রান করেন। ১১৬ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১১২ রান করা ফয়সাল হন ম্যাচসেরা।

৫ ম্যাচের সিরিজে আফগানিস্তান এখন ২–১ ব্যবধানে এগিয়ে। রবিবার রাজশাহীতেই সিরিজ নির্ধারণী ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত