নতুন বছর শুরুর আগেই জানা গেল ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা ইতিমধ্যেই এ সংক্রান্ত পূর্বাভাস দিয়েছেন।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান আল-আরাবিয়াকে জানান, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। তার ব্যাখ্যা, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠলেও সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই তা অস্ত যাবে। এ কারণে চাঁদ খালি চোখে দেখা যাবে না। ফলে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু না হয়ে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে। আর ঈদুল ফিতর পালিত হবে ২০ মার্চ, শুক্রবার।
তিনি আরও বলেন, আগামী বছর আমিরাত ও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে রমজানের শুরুতে প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। মাস শেষের দিকে রোজার সময় বেড়ে দাঁড়াবে ১৩ ঘণ্টা।
আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ১৮ ফেব্রুয়ারি বৈঠক করবে। যদিও সৌদি আরব তাদের নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে বলে অভিযোগ রয়েছে।
মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয় বলে বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন ও ২১ মার্চ ঈদুল ফিতর পালনের সম্ভাবনা রয়েছে।
