শিক্ষকদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ব্যাখ্যা দিল ডিএমপি

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

রাজধানীর শাহবাগে তিন দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের বিষয় ব্যাখ্যা দিয়েছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যার তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি দল কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। পরে বিকাল তিনটার দিকে কিছু আন্দোলনকারী কলম সমর্পণের নামে শাহবাগ থানার সামনে জড়ো হন। চারটার দিকে আন্দোলনকারীদের মধ্য থেকে একটা দল পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় পার হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পুলিশের নির্দেশনা অমান্যকারীদের ছত্রভঙ্গ করতে পরবর্তীতে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবুও আন্দোলনকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তার স্বার্থে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বর্ণিত এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সবার প্রতি পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত