প্রতিদ্বন্দ্বী নয়, ঢাকা-১৪ আসনে ওরা ‘ভাই-বোন’

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে এক অসাধারণ দৃশ্যের জন্ম দিয়েছে, যেখানে গুমের শিকার দুই পরিবারের সদস্য-ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) ও সানজিদা ইসলাম তুলি-একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরমান জামায়াতে ইসলামী ও তুলি বিএনপির প্রার্থী হয়েও তাদের মধ্যকার সম্পর্ক রেখেছে ভাই-বোনের মতোই আন্তরিক।

সাড়ে চার লাখ ভোটারের এ আসনে তুলি তার নির্বাচনী প্রচারণায় বলেন, আরমান ভাই আমার সেই ভাই, যিনি আয়নাঘর থেকে ফিরে এসেছেন। জবাবে আরমানও তুলিকে ‘আমার বোন’ বলে সম্বোধন করে নির্বাচনী সৌজন্য বজায় রেখেছেন।

প্রার্থীদ্বয় ভিন্ন রাজনৈতিক দর্শন ও অঙ্গীকার নিয়ে প্রচার করলেও তাদের মধ্যকার এই শ্রদ্ধাবোধ ও মানবিক সম্পর্ক ঢাকার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তুলি তার প্রচারণায় গণতন্ত্র ও মানবাধিকারের ওপর জোর দেন, অন্যদিকে আরমান শিক্ষা উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার তুলে ধরেন।

স্থানীয়দের মতে, এই আসনের নির্বাচনী প্রচারণা রাজনৈতিক বিভাজন কাটিয়ে মানবিক বন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। অনেক বিশ্লেষকই এটিকে ‘রোল মডেল ভোটযুদ্ধ’ আখ্যা দিয়েছেন, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার চেয়ে মানবিক মূল্যবোধই প্রাধান্য পাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত