২৪তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের র্যাংকিং রাউন্ডে স্বাগতিক বাংলাদেশি তীরন্দাজদের মধ্যে আলো ছড়িয়েছেন রাম কৃষ্ণ সাহা ও বন্যা আক্তার। ছেলেদের রিকার্ভ এককে রাম কৃষ্ণ ৬৬৮ স্কোর গড়ে হয়েছেন ষষ্ঠ। আর মেয়েদের কম্পাউন্ড এককে ব্যক্তিগত সেরা রেকর্ডে পেছনে ফেলেছেন বন্যা। ৬৯৩ স্কোর গড়ে তিনি হয়েছেন ১২তম। ছেলেদের কম্পাউন্ড এককে দশম হয়েছেন হিমু বাছাড়। এ তিনজন বাদ দিলে প্রথম দিনে স্বাগতিকদের পারফরম্যান্স ছিল বড্ড সাদামাটা।
জাতীয় স্টেডিয়ামে রবিবার হয়েছে ছেলেদের রিকার্ভ ও মেয়েদের কম্পাউন্ড বিভাগের র্যাংকিং রাউন্ড। ৭২ তীর ছোড়ার লড়াইয়ে ৬২ প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর গড়ে রাম কৃষ্ণ ষষ্ঠ হন। রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের বাকি তিন তীরন্দাজ মোহাম্মদ রাকিব ৬৪৭ স্কোর নিয়ে ৩২তম, সাগর ইসলাম ৬৩৯ স্কোর নিয়ে ৩৮তম ও আব্দুর রহমান আলিফ ৬৩৭ স্কোর নিয়ে হয়েছেন ৪১তম।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নকআউট রাউন্ডের প্রথম ধাপে অবশ্য রিকার্ভ পুরুষ ইভেন্টে বাংলাদেশের চার আরচারই ‘বাই’ পেয়েছেন। রাম কৃষ্ণ সাহা দুটি বাই পেয়ে পৌঁছে গেছেন সেরা ১৬-তে।
এদিকে সেরা ২৪-এর লড়াইয়ে রাকিব মুখোমুখি হবেন চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনের। র্যাংকিং রাউন্ডে ২৪তম হওয়া মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্ডির প্রতিপক্ষ আলিফ। সাগর লড়বেন র্যাংকিং রাউন্ডে ২৭তম হওয়া ভিয়েতনামের লি কুয়োক ফংয়ের সঙ্গে।
কম্পাউন্ড নারী বিভাগের র্যাংকিং রাউন্ডে বাংলাদেশের তীরন্দাজদের মধ্যে সর্বোচ্চ ১২তম হয়েছেন বন্যা। এটি তার ব্যক্তিগত সেরা নৈপুণ্য। বাংলাদেশের বাকি তিন তীরন্দাজ কুলসুম আক্তার ৬৮৮ স্কোরে ১৭তম, পুষ্পিতা জামান ৬৮০ স্কোরে ২৪তম ও মিথিলা আক্তার ৬৬২ স্কোর নিয়ে ৩২তম হয়েছেন। এলিমিনেশন রাউন্ডে বন্যার প্রতিপক্ষ ইরানের বিতা ওসকই আশেঘজাদেহ। মিথিলার প্রতিপক্ষ সৌদি আরবের রাঘাদ কাবি। কুলসুম ১/১৬-তে লড়বেন ইরানের ফাতেমেহ বাঘেরির বিপক্ষে। পুষ্পিতার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পার্ক জং উন।
পুরুষ দলগত রিকার্ভে কোয়ার্টার ফাইনালে যেতে বাংলাদেশকে খেলতে হবে ভিয়েতনামের সঙ্গে। কম্পাউন্ড নারী দলগত বিভাগে সেমিফাইনালে যেতে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।
বিকেলের সেশনে মেয়েদের রিকার্ভ ও ছেলেদের কম্পাউন্ড ইভেন্টের র্যাংকিং রাউন্ড হয়। রিকার্ভ নারী এককে ৬৩৭ স্কোর গড়ে ৫১ প্রতিযোগীর মধ্যে ২৪তম হন সীমা আক্তার শিমু। সোনালী রায় ৬২৩ স্কোর নিয়ে ৩২তম, ইতি খাতুন ৬১০ স্কোর নিয়ে ৩৭তম ও মনিরা আক্তার ৬০৬ স্কোর নিয়ে ৩৮তম হয়েছেন। এলিমেনেশন রাউন্ডের প্রথম ধাপে (১/২৪) সোনালী রায় কাজাখস্তানের দিয়ানা তুর্সানবেকের, শিমু কাজাখস্তানের ইলিজাভিয়েতা আভামেভার, ইতি মালয়েশিয়ার মাশাইখ সায়াকিয়ারার ও মনিরা চীনের কাই উফেংয়ের মুখোমুখি হবেন। রিকার্ভ মহিলা দলগত বিভাগে ১০ দলের মধ্যে নবম হয়েছে বাংলাদেশ।
কম্পাউন্ড পুরুষ এককে র্যাংকিং রাউন্ডে হিমু বাছাড় ৭০৪ স্কোর নিয়ে ৫৩ প্রতিযোগীর মধ্যে দশম হয়েছেন। এ বিভাগে তার বাকি তিন সতীর্থ মোহাম্মাদ আশিকুজ্জামান ৬৮৭ স্কোর নিয়ে ৩৫তম, নওয়াজ আহমেদ রাকিব ৬৮৩ স্কোর নিয়ে ৪১তম ও সোহেল রানা ৬৭৯ স্কোর নিয়ে ৪৫তম হয়েছেন।
হিমু সরাসরি ১/১৬ রাউন্ডে খেলবেন। ১/২৪-এর লড়াইয়ে রাকিবের প্রতিপক্ষ সৌদি আরবের আলি রেজা আলবাকামি, সোহেল ভিয়েতনামের এনগুয়েন এগোক ডুংয়ের, আশিকুজ্জামান হংকংয়ের ই তাই ওয়াই দেভিদের মুখোমুখি হবেন। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ২০৭৪ স্কোর নিয়ে ১৩ দলের মধ্যে নবম হয়েছে বাংলাদেশ। র্যাংকিং রাউন্ডে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে কোচ মার্টিন ফ্রেডরিখ বলেন, ‘আমাদের ভালো কিছু মুহ‚র্ত আছে এবং কিছু মুহ‚র্ত ভালো হয়নি। একটু হতাশই। তবে সকালের সেশনে বন্যা আক্তার ভালো করেছে। রিকার্ভ পুরুষ এককে রাম কৃষ্ণ সাহা ষষ্ঠ হয়েছে। সেরা দশের মধ্যে থাকা খুবই ভালো বিষয়। ছেলেদের কম্পাউন্ডে হিমু দশম হয়েছে। রিকার্ভ নারী এককের স্কোয়াড আমাদের সবচেয়ে দুর্বল অংশ, তারপরও শিমু ভালো করেছে। দল ঐক্যবদ্ধভাবে ভালো পরিশ্রম করছে। তাদের মধ্যকার বন্ধন ভীষণ দৃঢ় এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে অনুশীলন করছে। বাকি দিনগুলোতে দলের সঙ্গে থাকুন। খেলাগুলো খুবই চ্যালেঞ্জিং ও আঁটোসাঁটো হবে।’
৪১৭ রান তাড়া করে জয়
জাহানারা ইস্যুতে 'আনুষ্ঠানিক অভিযোগ না পেয়েই তদন্ত করছে বিসিবি'
৭ ছক্কা হাকানো আকবর শেষ ওভারে খেলেন ৫ ছক্কা, হারলো বাংলাদেশ
১৫১ বছরের পুরোনো ঘড়ির সামনে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন