লতিফ সিদ্দিকীর জামিন বহাল, শুনানি মুলতবি মঞ্জুরুল আলমের

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। 

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের জামিন বাতিলের আবেদন খারিজ করে দেন।

একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলমের জামিন সংক্রান্ত রাষ্ট্রপক্ষের আবেদন এক সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়েছে। গত ৬ নভেম্বর হাইকোর্ট উভয়কে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছিলেন, যার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানি করেন।

লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এবং আইনজীবী এম আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া ও জাকির হোসেন মাসুদ।

মঞ্জুরুল আলমের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও রমজান আলী শিকদার এবং আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী।

লতিফ সিদ্দিকীর পক্ষের আইনজীবী এম আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া জানান, আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর কারামুক্তিতে এখন কোনো আইনগত বাধা নেই।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ‌‌‘মঞ্চ ৭১’ আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেওয়ার পর একদল ব্যক্তির দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েন লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জন। পরবর্তীতে শাহবাগ থানার একটি মামলায় তাদের আটক দেখানো হয় এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত