নাসিকের মশারী বিতরণ অনুষ্ঠান পণ্ড

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দরিদ্র নাগরিকদের জন্য মশারী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। তবে দরিদ্ররাও মশারী নিতে আসেননি। সেই কারণে নাসিকের মশারী বিতরণ অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে নাসিকের নগর ভবনের সামনে এ দৃশ্য দেখা যায়।

জানা গেছে, "জনসচেতনতা বৃদ্ধি করি, ডেঙ্গু মুক্ত নগর গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দরিদ্র নাগরিকদের জন্য মশারী বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছিল নাসিক কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নাসিকের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

দুপুর আড়াইটার দিকে দেখা যায়, নাসিকের একটি ওয়ার্ডের সচিব মাসুদ রানা লালসহ কয়েকজন কর্মচারী মাইকে কথা বলছেন এবং আমন্ত্রিতদের উপস্থিত হওয়ার আহবান জানাচ্ছেন। তখন গুটিকয়েক নারীকে অনুষ্ঠানস্থলে বসা থাকতে দেখা যায়। তবে কিছুক্ষণ পরেই অনুষ্ঠানস্থল থেকে একে একে সকলেই চলে যান।

নাসিকের নগরভবনের পার্শ্ববর্তী এলাকার কয়েকজন নারী এসেছিলেন মশারী নিতে। তারা জানান, ওয়ার্ড সচিবের অনুরোধে তারা এখানে এসেছিলেন। তাদের এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেক, ময়লা ঠিকমতো পরিষ্কার না হওয়ায় ডেঙ্গু বেড়ে গেছে। মশার ওষুধও নিয়মিত ছিটানো হচ্ছে না।

ওয়ার্ড সচিব মাসুদ রানা লাল জানান, তাকে কয়েকজন দরিদ্র নাগরিককে অনুষ্ঠানস্থলে নিয়ে আসতে বলা হয়েছিল। তিনি দুই নারীকে নিয়ে এসেছিলেন। পরে তাকে অনুষ্ঠান সঞ্চালনার জন্য বলা হয়। কিছুক্ষণ সঞ্চালনা করার পর তিনি জানতে পারেন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরে অনুষ্ঠানস্থলে লাগানো ব্যানার ও সাউন্ড সিস্টেমও খুলে ফেলা হয়।

এ বিষয়ে কথা বলতে নাসিকের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর অফিসে গেলে তিনি ব্যস্ততার অজুহাতে কথা বলতে রাজী হননি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার নাফিয়া ইসলাম বলেন, “কি কারণে অনুষ্ঠান হয়নি সেটা বলতে পারছি না। আমার জানা নেই। প্রথমে শুনলাম হবে, পরে শুনলাম হবে না। আমাকে প্রথমে বলা হয়েছিলো থাকার জন্য। যখন আমি মশারী নিয়ে যাচ্ছিলাম, তখন শুনলাম অনুষ্ঠানটি হবে না।”

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ আমার অনুমতি নেয়নি। প্রোগ্রাম কেন বাতিল করা হলো সেটাও জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত