মার্কিন হামলা ঠেকাতে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১১:১১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা মোকাবিলায় গেরিলা কৌশলের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে স্থল, নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র বাহিনীসহ সকল সামরিক ও আধা-সামরিক ইউনিটকে এই অভিযানে যুক্ত করা হচ্ছে।

পাদ্রিনো তার বিবৃতিতে উল্লেখ করেন, গেরিলা প্রস্তুতির মধ্যে রয়েছে স্থল, আকাশ, নৌ, নদী এবং ক্ষেপণাস্ত্র বাহিনী মোতায়েন। পাশাপাশি পুলিশ, মিলিশিয়া এবং নাগরিক ইউনিটেরও অংশগ্রহণ থাকছে।

এই প্রস্তুতির পটভূমিতে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য, যাতে তিনি ভেনেজুয়েলায় স্থল অভিযানের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্প বলেন, ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী জাহাজে একাধিক হামলার পর ‘পরবর্তী পদক্ষেপ হবে স্থলপথ’। তবে পরবর্তীতে তিনি ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা বিবেচনা করার কথা অস্বীকার করেন।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন যে ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভেনেজুয়েলার নাগরিক এবং সামরিক বাহিনী এই ধরণের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কম বেতন, প্রশিক্ষণের অভাব ও সরঞ্জামের অভাবে ভেনেজুয়েলার সামরিক বাহিনী বর্তমানে যথেষ্ট দুর্বল। এই পরিস্থিতিতে গেরিলা-ধাঁচের যুদ্ধই হয়ে উঠেছে দেশটির প্রধান প্রতিরক্ষা কৌশল। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার তৈরি কয়েক দশকের পুরনো সামরিক সরঞ্জাম নিয়েই এই প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত