জাতীয় দলে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন মাহমুদুল

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন। ঘরোয়া লিগে ভালো করে আবারও যখন ডাক পেলেন, সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন মাহমুদুল হাসান জয়। ব্যাট হাতে দুর্দান্ত শুরুর পর আজ বুধবার দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ১৯২ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, ৯টি চার এবং ১টি ছক্কা। তার ওপেনিং পার্টনার সাদমান ইসলাম (৮০) অবশ্য সেঞ্চুরি মিস করেছেন।

১৮ ইনিংস পর পঞ্চাশের দেখা পাওয়া মাহমুদুল আজ শুরু থেকেই ছিলেন সাবধানী। মারার বল মেরেছেন, ভালো বল ছেড়ে দিয়েছেন। আলগা শট খেলেননি বললেই চলে। ৭২ বলে পূরণ করেছেন ফিফটি। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল। দ্বিতীয়টি পেতে সময় লাগল তিন বছর এবং ৩০ ইনিংস। দেশের মাটিতে এটাই তার প্রথম সেঞ্চুরি।

এর আগে আজ বুধবার ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা আয়রাল্যান্ড মাত্র ১৪ বল টিকতে পেরেছে। তাদের ইনিংস গুটিয়ে গেছে ২৮৬ রানে। জবাবে ১৬৮ রানের ওপেনিং জুটি গড়েন সাদমান ইসলাম এবং মাহমুদুল। ১০৪ বলে ৯ চার ১ ছক্কায় ৮০ রান করা সাদমান উইকেটের পেছনে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬০.১ ওভারে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ২১৮ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত