ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের চত্বর থেকে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুগুলো নিষ্ক্রিয় করেছে। কারা বস্তুগুলো সেখানে রেখেছে তা সনাক্ত করতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি।’
ইসি কার্যালয়ের ফটকে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. সুজন জানান, সকাল ১০টার দিকে ইসি ভবনের পাশে অবস্থিত সোনালী চত্বরে ইসির কয়েকজন কর্মচারী বস্তুগুলো দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
তিনি বলেন, বস্তুগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ বস্তুগুলো উদ্ধার করে।
ঘটনার পর ইসি ভবন ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে, গত ২৫ অক্টোবর ইসি ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সে সময় পুলিশ এক যুবককে আটক করেছিল।
