লকডাউনের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, গাড়িতে অগ্নিসংযোগ ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বক্তব্য রাখেন বাসন থানা বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ বাচ্চু, কোনাবাড়ি মেট্রো থানার সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিএনপি নেতা নাসির উদ্দিন, আব্দুল মজিদ, মোবারক হোসেন, নুরুল ইসলাম দীপু প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল চান্দনা চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, আওয়ামী লীগের নেত্রী বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাদের নেতাকর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ করে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। বিএনপি জনগণকে নিয়ে তাদের যে-কোনো দেশে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা প্রতিহত করবে। তিনি দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

এদিকে সকাল থেকেই গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড, কলেজ গেট, বোর্ড বাজার, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, গাজীপুর শিববাড়িমোড় সহ বিভিন্ন এলাকায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কে এসে অবস্থান নেন। তারা গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত