লকডাউন কর্মসূচিতে সাড়া মেলেনি চট্টগ্রামে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে সাড়া মেলেনি চট্টগ্রামে। সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহলও দেখা গেছে নগরজুড়ে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম নগরজুড়ে ও আশপাশের এলাকায় সক্রিয় অবস্থানে ছিল বিএনপি, জামায়াত ও তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। নগরের গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে দেখা গেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মিছিল, অবস্থান কর্মসূচি এবং বাইক শোভাযাত্রা।

এদিকে উপজেলাগুলোতেও অপ্রীতিকর ঘটনার কোনও খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম শহরে বুধবার রাত থেকেই দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। লকডাউন ঘোষণায় সাধারণ জনজীবনে প্রভাব পড়েনি। তবে সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কম। তবে সরকারি-বেসরকারি অফিস-আদালত খুললেও সেবাপ্রার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা ও নাশকতা’ প্রতিরোধে চট্টগ্রাম নগরে শোডাউন করেছে ইসলামী ছাত্রশিবির। নগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘লকডাউন কর্মসুচি ঘিরে চট্টগ্রাম শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার সকাল থেকে মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট, জিইসি মোড়, কাজির দেউড়িসহ নগরের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন এই সংগঠনের নেতাকর্মীরা। বাইক শোডাউনে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখা শিবিরের সভাপতি তানজীর হোসেন জুয়েল ও দক্ষিণ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

শিবির নেতা তানজীর হোসেন জুয়েল বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত লকডাউন কর্মসূচির নামে দেশে অপতৎপরতা শুরু করেছে। চট্টগ্রামেও তারা অরাজকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা আওয়ামী লীগের অপতৎপরতা রোধে রাজপথে আছি। আমরা চট্টগ্রামের জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণভাবে মাঠে আছি। ছাত্রশিবির সবসময় জনগণের পাশে থেকে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত