ময়মনসিংহে রাজপথে নেই আ. লীগ, বিএনপির বিক্ষোভ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির মধ্যে ময়মনসিংহের রাজপথে দেখা যায়নি আওয়ামী লীগ নেতাকর্মীদের। তবে ফ্যাসিস্ট প্রতিহতের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দেড় টার দিকে ময়মনসিংহ নগরীর নতুনবাজার এলাকায় ফ্যাসিস্টবিরোধী বিক্ষোভ মিছিল আয়োজন করে মহানগর বিএনপি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ চলাকালে নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়াও দিতে দেখা যায় তাদের।

অন্যদিকে, এর আগে দুপুর ১২টার দিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকনের নেতৃত্বে দক্ষিণ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কৃষ্ণচূড়া চত্বেরে গিয়ে শেষ হয়।

উভয় বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ বলেন, পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা তথাকথিত লকডাউনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। ইতিমধ্যে তারা চোরাগুপ্তা হামলা চালিয়ে যানবাহনে আগুন দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করেছে। এসব কর্মকাণ্ড আর সহ্য করা হবে না, রাজপথেই তাদের প্রতিহত করা হবে।

অন্যদিকে, নাশকতার চেষ্টা ও পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে ২০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতারুল আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার ২৭টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। সিটি কর্পোরেশনসহ প্রতিটি উপজেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত জেলায় কোনও বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত