তাইজুলের অনন্য '৫০০'

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১১:১৮ পিএম

হ্যারি টেক্টরের প্যাডে বল লাগতেই উদযাপন শুরু করে দেন তাইজুল ইসলাম। আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই নিজের আনন্দে মেতে ওঠেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। কারণ, এটি কেবল আরেকটি উইকেট নয়—এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০তম উইকেট!

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন ৩৩ বছর বয়সী তাইজুল। বাংলাদেশের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করেছেন তিনি। তার আগে এই কীর্তি গড়েছেন আরও দুই বাঁহাতি স্পিনার—আবদুর রাজ্জাক (৬৩৪ উইকেট) ও এনামুল হক জুনিয়র (৫১৩ উইকেট)।

তাইজুলের প্রথম শ্রেণির অভিষেক হয় ২০১১ সালের ১০ এপ্রিল, জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর হয়ে বরিশালের বিপক্ষে। ওই ম্যাচেই তিনি ফরহাদ হোসেনের হাতে ক্যাচ বানিয়ে ইফতেখার নাঈমকে আউট করে পান নিজের প্রথম উইকেট। সেই ইনিংসে ৪ উইকেট এবং ম্যাচে ৬ উইকেট নিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার, আর ১৪ বছর ও ১১৩ ম্যাচ পর এসে পৌঁছেছেন ৫০০ উইকেটের মাইলফলকে।

অগ্রজ দুই বাঁহাতি স্পিনারের পথ ধরে ৫০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে তাইজুলের লেগেছে ১১৪ ম্যাচ ও ২০০ ইনিংস। এই সময়ে তিনি ৩৬ বার ইনিংসে ৫ উইকেট এবং ৭ বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে তাইজুলের সেরা বোলিং ফিগার ৩৯ রানে ৮ উইকেট—২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে অর্জিত সেই কীর্তিই এখনো বাংলাদেশের কোনো বোলারের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিং হিসেবে অমলিন।

এই ৫০০ উইকেটের মধ্যে ২৪০টি এসেছে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে—৫৬ ম্যাচের ৯৬ ইনিংসে। বাকি ২৬০ উইকেট তিনি সংগ্রহ করেছেন ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচে ১০৪ ইনিংসে বোলিং করে।

সিলেট টেস্ট শুরু করেছিলেন মাইলফলক থেকে মাত্র তিন উইকেট দূরে থেকে। প্রথম ইনিংসে জর্ডান নিল ও ম্যাথু হামফ্রিজকে ফেরানোর পর দাঁড়ান ৪৯৯-এ। আর বৃহস্পতিবার, টেক্টরকে এলবিডব্লিউ করে পূর্ণ করলেন কাঙ্ক্ষিত ৫০০-এর স্বপ্ন।

তাইজুল জাতীয় দলের হয়ে টেস্টে নিয়েছেন সবচেয়ে বেশি ২৪০টি উইকেট, রাজশাহী বিভাগের হয়ে ১৫২টি, বিসিএলে উত্তরাঞ্চলের হয়ে ৭৩টি, পূর্বাঞ্চলের হয়ে ১৮টি ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১৭টি উইকেট।

বিশ্ব ক্রিকেটে অবশ্য এই মাইলফলকের অনেক ওপরে আছেন কিংবদন্তিরা। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার উইলফ্রেড রোডস ১,১১০টি ম্যাচে নিয়েছিলেন অবিশ্বাস্য ৪,২০৪ উইকেট। এছাড়া আরও তিন ইংলিশ বোলার—টিক ফ্রিম্যান (৩,৭৭৬), চার্লি পার্কার (৩,২৭৮) ও জ্যাক হার্নি (৩,০৬১)—তিন হাজারের বেশি উইকেটের মালিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত