তুরস্কের কাছে হেরে বাংলাদেশের রূপা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

সৌদি আরবের রিয়াদে চলমান ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে রৌপ্য পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। এর আগে ভারোত্তোলক মার্জিয়া আক্তার ইকরা এনে দিয়েছিলেন তিনটি ব্রোঞ্জপদক। বৃহস্পতিবার টেবিল টেনিসের মিশ্র দ্বৈত ইভেন্টে রূপা জিতেছেন খই খই মারমা ও জাভেদ আহমেদ। ফাইনালে বাংলাদেশের জুটি সরাসরি ৩-০ সেটে হার মানে তুরস্কের জুটির কাছে। তাই রূপাতেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

ফাইনালে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলেছেন তুরস্কের আলতিনকায়া সিবেল ও গোন্দুস ইব্রাহিম। প্রথম সেট ১১-৫ পয়েন্টে জিতে নেন তারা। দ্বিতীয় সেটে অবশ্য ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন বাংলাদেশের দুই খেলোয়াড়। তবে শুরুর লিড ধরে রাখতে পারেননি, হারতে হয় ১১-৮ পয়েন্টে। আর তৃতীয় সেটে ১১-৬ পয়েন্টে আত্মসমর্পণ করতে হয়।

অথচ এর আগে কী দূর্দান্তই খেলেছিলেন খই খই ও জাভেদ। প্রি-কোয়ার্টার ফাইনালে গায়ানাকে হারানোর পর বুধবার সেমিতে ওঠার লড়াইয়ে তারা মালদ্বীপকে হারান। গতকাল  দিনটিও শুরু হয়েছিল তাদের স্বপ্নের মতো। বাহরাইনকে তারা হারায় ৩-১ সেটে। তবে কয়েক ঘন্টা পর স্বর্ণপদকের লড়াইয়ে তুরস্কর কাছে পাত্তাই পাননি তারা।

এর আগে ইকরা মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক ও সম্মিলিত ওজন তোলায় তৃতীয় হওয়ায় তিনটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন বাংলাদেশের হয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত