হুট করে ওয়ানডে নেতৃত্ব হারানোর পর অভিমানে টেস্ট ফরম্যাটের নেতৃত্বভারও ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু আয়ারল্যান্ড সিরিজে ফের তাকেই নেতৃত্বে আনা হয়েছে। প্রথম টেস্টেই দলকে ইনিংস ব্যবধানে জিতিয়েছেন। নিজেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। কিন্তু মাঝের সময়টা কেমন ছিল তার জন্য?
সিলেটে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘প্রথম কিছুদিন কঠিন ছিল, টু বি ভেরি অনেস্ট। বাট হ্যাঁ, তারপরে অনেকটা রিল্যাক্স হয়ে গিয়েছিলাম এবং এনজয় করেছি পুরো সময়টা, নিজেকে সময় দিয়েছি, পাশাপাশি ফ্যামিলিকে সময় দিয়েছি, দক্ষতার দিক থেকে নিজের ক্রিকেটটা আর একটু কিভাবে উন্নতি করা যায়, মানসিকভাবে বিষয়গুলো নিয়ে কাজ করেছি। কিন্তু আমি মনে করি যে ওই সময়টা আমার খুব ভালো কেটেছে।’
২০২৪ সালে শান্তকে তিন সংস্করণে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। তবে সে বছরই তিনি সমালোচনার মুখে টি–টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপর শ্রীলঙ্কা সিরিজের আগেই তাকে না জানিয়ে হুট করে ওয়ানডে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। এরপর গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ৭৮ রানে হারের পর লাল বলের ক্রিকেটর নেতৃত্বও ছেড়ে দেন শান্ত। এবার তিনি জানালেন, নেতৃত্বটা উপভোগ করেন।
শান্তর ভাষায়, ‘আমি মনে করি জাস্ট শুরু হয়েছে। এখনো লম্বা সময় যাওয়ার বাকি, বাট ভালো স্টার্ট হয়েছে আমি মনে করি। বাট হ্যাঁ, আমি সবসময় যেটা বলি যে আমি ব্যাটিংয়ের সময় একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পছন্দ করি। আমার ভেতরে একবারের জন্যও মনে হয় না যে আমি ক্যাপ্টেন হিসেবে খেলছি। চিন্তা করি যে কিভাবে একজন ব্যাটার হিসেবে অবদান করতে পারি। ওইটাই আসল ফোকাস থাকে, আর যখন ফিল্ডিংয়ে থাকি তখন আমি ক্যাপ্টেন হিসেবে আমার যে দায়িত্বগুলো আছে ঐ সেগুলো আমি চেষ্টা করি পালন করার।’
এত ভালো ভালো কথা শোনার অভ্যাস নেই: শান্ত
স্ত্রীর মৃত্যুর পর আবার বিয়ে করছেন সাবেক ইংলিশ অধিনায়ক
আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ