বাংলাদেশের দৌড়ের ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টেডিয়াম আলট্রা-রান। “ঢাকা স্টেডিয়াম রান ২০২৫” শীর্ষক এই ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্টেডিয়ামভিত্তিক আলট্রা-রানিং হলেও, বাংলাদেশে এটি হতে যাচ্ছে প্রথম আয়োজন।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ইভেন্টটি আয়োজন করছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল আলট্রা বাংলাদেশ। সংগঠনটি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার মেরিন ড্রাইভে দেশের ইতিহাসে দীর্ঘতম দূরত্বের আলট্রা-ম্যারাথন আয়োজন করে ব্যাপক প্রশংসা কুড়ায়। সেই আয়োজনে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৫০ কিমি, ১০০ কিমি, ১০০ মাইল এবং ২০০ কিমি – মোট চার ক্যাটাগরিতে দেশি-বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেন। বাংলাদেশের দৌড় সংস্কৃতিকে বৈশ্বিক অঙ্গনে তুলে ধরা—এই লক্ষ্যেই কোস্টাল আলট্রা বাংলাদেশের এ উদ্যোগ।
আলট্রা-ম্যারাথন বা আলট্রা-রান হলো ম্যারাথনের প্রচলিত ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বের দৌড়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের দৌড়ের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
স্টেডিয়াম আলট্রা-রান মূলত একটি বিশেষধরনের সময়ভিত্তিক দৌড় প্রতিযোগিতা। নির্দিষ্ট দূরত্বের পরিবর্তে অংশগ্রহণকারীরা দৌড়ান নির্দিষ্ট সময় ধরে। এই নির্দিষ্ট সময়ে কে কত দূরত্ব অতিক্রম করতে পারেন—সেটিই হবে মূল প্রতিযোগিতা। “ঢাকা স্টেডিয়াম রান ২০২৫” সেই বৈশ্বিক ধারণাকে অনুসরণ করে বাংলাদেশে সম্পূর্ণ ভিন্ন এক দৌড় অভিজ্ঞতা এনে দিচ্ছে।
ইভেন্ট আয়োজকদের মতে, প্রতিযোগিতায় থাকছে সময়ভিত্তিক চারটি ক্যাটাগরি—৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা এবং ৬ ঘণ্টা। আন্তর্জাতিক মান পূরণের সাপেক্ষে বাছাইকৃত দেশি-বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেবেন এবারের প্রতিযোগিতায়। দৌড়বিদদের সহায়তায় থাকবেন ২০০ জন স্বেচ্ছাসেবক। দিন-রাতের ভিন্ন আবহ, স্টেডিয়ামের পরিবেশ আর নিয়ন আলোর মাঝে তারা নিজেদের সহনশীলতা ও সীমা অতিক্রমের চ্যালেঞ্জ গ্রহণ করবেন।
আগামী ১৬ নভেম্বর রাত ৮টা থেকে “ঢাকা স্টেডিয়াম রান ২০২৫”–এ অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন শেষে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত দৌড়বিদরাই অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদন করতে ভিজিট করুন: coastalultra.com
